শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত
I নোবিপ্রবিতে দলিত-হরিজন কোটার সনদে অনিয়মের তদন্ত প্রতিবেদন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দলিত-হরিজন কোটায় ভর্তির জন্য ভুয়া সনদ ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। সরেজমিন তদন্তে সনদ ইস্যুতে অনিয়মের বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভুলভাবে সনদ দেওয়ার কথা স্বীকার করে সেটি বাতিল ঘোষণা করেছেন।

গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে জাগো নিউজে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির আহ্বায়ক ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম। অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান খান এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জানে আলম।

তদন্তের বিষয়ে অধ্যাপক আশরাফুল আলম জানান, কমিটির সদস্যরা সরেজমিনে হাতিয়ার চর কিং ইউনিয়নে গিয়ে তদন্ত করেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সব সদস্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ তদন্ত কমিটিকে জানান, ভুলবশত তিনি ওই সনদ ইস্যু করেছিলেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পরে ইউনিয়ন পরিষদের সব সদস্যের উপস্থিতিতে আগে দেওয়া সনদটি বাতিল ঘোষণা করেন চেয়ারম্যান।

অধ্যাপক আশরাফুল আলম বলেন, তদন্তে ভুয়া সনদ ব্যবহার করে ভর্তির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। ওই শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৯৯০তম মেধাক্রমে থেকেও দলিত-হরিজন কোটার সুবিধায় নোবিপ্রবির আইন বিভাগে ভর্তি হন আতিকুর রহমান নামের এক শিক্ষার্থী। অথচ সাধারণ মেধাতালিকায় ওই বিভাগে ভর্তির সুযোগ শেষ হয়েছিল ৪৫৪তম মেধাক্রমে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ভর্তির নির্ধারিত সময়ের আগে ২০২৬ সালের ১০ মে হাতিয়ার চর কিং ইউনিয়ন পরিষদ থেকে এবং ৯ জুন উপজেলা প্রশাসন থেকে দলিত-হরিজন সম্প্রদায়ভুক্তির সনদ সংগ্রহ করেন আতিকুর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় এক চৌকিদারের সুপারিশে সনদটি দিয়েছিলেন বলে আগে স্বীকার করেছিলেন। ওই সনদের ভিত্তিতেই উপজেলা প্রশাসন থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আতিকুরের পরিবার আর্থিকভাবে সচ্ছল এবং তাঁরা দলিত বা হরিজন সম্প্রদায়ের নন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসআইবি/ সিটি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology