শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
রেলের টিকিটিং সরকারের হাতে ফেরাতে বিনামূল্যে অ্যাপ দিতে চান ইব্রাহিম
রাজশাহীতে এক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে চেয়েছিলেন মো. ইব্রাহিম মোল্লা। অনলাইনে বিক্রি শুরুর পরপরই শেষ হয়ে যায় টিকিট, কাউন্টারেও মেলেনি। তবে স্টেশনের বাইরে এক ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ টাকা বেশি দিয়ে টিকিট সংগ্রহের প্রস্তাব দেন বলে জানান তিনি।
সেই অভিজ্ঞতা থেকেই রেলের বিদ্যমান টিকিট ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) এই শিক্ষার্থী। প্রায় ছয় মাসের প্রচেষ্টায় নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি অনলাইন টিকিটিং অ্যাপ। বাংলাদেশ রেলওয়ে চাইলে অ্যাপটি বিনামূল্যে সরকারের কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইব্রাহিম।
তার প্রস্তাব শুধু নতুন একটি অ্যাপ চালুর মধ্যে সীমাবদ্ধ নয়। টিকিট বিক্রির প্রযুক্তিগত অবকাঠামো, যাত্রীদের ব্যক্তিগত তথ্য এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ রেলওয়ের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে আসার কথাও বলছেন তিনি।
এমন সময়ে তার এই উদ্যোগ সামনে এসেছে, যখন বিদ্যমান টিকিটিং ব্যবস্থায় বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ নিয়ে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে বর্তমান সেবাদাতা প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ সামনে রেখে নতুন দরপত্রও আহ্বান করেছে সংস্থাটি।
টিকিটের সার্ভিস চার্জের টাকা কোথায় যায়
২০২২ সালে পাঁচ বছরের চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পায় সহজ-সিনেসিস-ভিনসেন যৌথ উদ্যোগ। বর্তমানে অনলাইনে ট্রেনের প্রতিটি টিকিট কেনার ক্ষেত্রে মূল ভাড়ার অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয় যাত্রীদের।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ২০ টাকার মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠান পায় ৬ টাকা ৫০ পয়সা। ব্যাংক ও লেনদেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ৬ টাকা ৫০ পয়সা, ভ্যাট বাবদ সরকারি কোষাগারে যায় ৩ টাকা এবং রেলওয়ে কল্যাণ তহবিলে জমা হয় ৪ টাকা। কাউন্টারে বিক্রি হওয়া টিকিটের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কমিশন পেয়ে থাকে।
ইব্রাহিমের উপস্থাপিত হিসাব অনুযায়ী, রেলওয়ে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ টিকিট বিক্রি করে, যার প্রায় অর্ধেক অনলাইনে। এই হিসাবে প্রতিদিন এক লাখ অনলাইন টিকিটের বিপরীতে বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কমিশন দাঁড়ায় ৬ লাখ ৫০ হাজার টাকা। বছরজুড়ে একই হারে টিকিট বিক্রি হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ কোটি ৭৩ লাখ টাকা।
তবে দৈনিক টিকিট বিক্রির প্রকৃত সংখ্যা ও বার্ষিক কমিশনের পরিমাণ রেলওয়ের হালনাগাদ আর্থিক হিসাবের সঙ্গে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইব্রাহিমের প্রস্তাব, রেলওয়ে নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রি করলে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া কমিশনের অর্থ সরকারি ব্যবস্থাপনায় রাখা সম্ভব হবে। তবে নিজস্ব টিকিটিং ব্যবস্থা পরিচালনা, জনবল, সার্ভার, লেনদেন ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাদ দিয়ে প্রকৃতপক্ষে কত টাকা সাশ্রয় হবে, তার পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি।
টিকিট ব্যবস্থাপনা নিয়ে অডিটে যা উঠে এসেছে
রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নতুন নয়। ২০২৬ সালের অক্টোবরে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রেলওয়ের টিকিটিং ব্যবস্থা নিয়ে পরিচালিত আইটি অডিটের বিভিন্ন পর্যবেক্ষণ উঠে আসে।
২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম নিয়ে পরিচালিত ওই অডিটে প্রায় ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা পোস্ট ও আজকের পত্রিকা। এসব অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ যাত্রীদের জন্য বিক্রি শুরু হওয়ার আগেই টিকিট আটকে রাখার সুযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে অডিটে।
এ ছাড়া স্বয়ংক্রিয় সফটওয়্যার বা বট ব্যবহার করে বিপুলসংখ্যক টিকিট আটকে রাখা এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রির অভিযোগও সামনে এসেছে। নির্ধারিত সেবা দিতে ব্যর্থতার ঘটনায় ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় না করার বিষয়টিও অডিটের পর্যবেক্ষণে রয়েছে।
গণমাধ্যমের তথ্যমতে, টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রায় ১০ হাজার সন্দেহভাজন মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর ব্লক করেছে রেলওয়ে। অননুমোদিত টিকিট বিক্রির ওয়েবসাইট বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, সহজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহন অডিট অধিদপ্তরের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে যৌথ উদ্যোগের একজন সিস্টেম ইঞ্জিনিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। একই বছর টিকিট বিক্রিতে গ্রাহকের প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগে সহজকে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরবর্তী সময়ে হাইকোর্ট ওই জরিমানার আদেশ স্থগিত করেন।
যাত্রীদের ছবি যুক্ত করার প্রস্তাব
ইব্রাহিমের পর্যবেক্ষণে, রেলের টিকিট কালোবাজারির দুটি দিক রয়েছে। একটি হলো টিকিটিং ব্যবস্থায় অভ্যন্তরীণ প্রবেশাধিকার ব্যবহার করে টিকিট আটকে রাখার অভিযোগ। অন্যটি হলো একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট সংগ্রহ এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি।
দ্বিতীয় ধরনের কালোবাজারি প্রতিরোধে টিকিটের সঙ্গে যাত্রীর ছবি সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, টিকিট কেনার সময় যাত্রীর ছবি যুক্ত করা হলে ভ্রমণের সময় টিকিট পরীক্ষক ওই ছবির সঙ্গে যাত্রীর পরিচয় মিলিয়ে দেখতে পারবেন।
বর্তমানে রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় যাত্রীর পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে ছবি সংযুক্ত করা হলে অন্যের নামে কেনা টিকিটে ভ্রমণ আরও কঠিন হতে পারে বলে মনে করেন ইব্রাহিম।
তবে এটি তার প্রস্তাবিত একটি অতিরিক্ত ফিচার। সরকার চাইলে অ্যাপে এটি যুক্ত করা যাবে বলে জানিয়েছেন তিনি। যাত্রীদের ছবি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং পরিচয় যাচাইয়ের বাস্তব প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে।
যাত্রীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা
টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়। টিকিটিং ব্যবস্থায় সংরক্ষিত এসব তথ্যের নিয়ন্ত্রণও সরকারের নিজস্ব তত্ত্বাবধানে আনার প্রস্তাব দিয়েছেন ইব্রাহিম।
রেলওয়ের আইটি অডিটের বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিদ্যমান টিকিটিং ব্যবস্থার মূল ডেটাবেইস আমাজন ওয়েব সার্ভিসেসের সিঙ্গাপুর অঞ্চলের ক্লাউড অবকাঠামোয় সংরক্ষিত রয়েছে। ডেটাবেইসটি অননুমোদিত প্রবেশ বা সাইবার আক্রমণের শিকার হলে যাত্রীদের ব্যক্তিগত তথ্য, ভ্রমণের ইতিহাস ও আর্থিক লেনদেনের তথ্য ফাঁস হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে অডিটে।
তবে নিরাপত্তাঝুঁকির এই পর্যবেক্ষণ থেকে যাত্রীদের তথ্য ইতোমধ্যে ফাঁস হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
ইব্রাহিমের প্রস্তাবিত ব্যবস্থায় সফটওয়্যার ও ডেটাবেইসের নিয়ন্ত্রণ রেলওয়ের কাছে থাকবে। তাঁর তৈরি অ্যাপের তথ্য সুরক্ষাব্যবস্থা ও সাইবার নিরাপত্তার সক্ষমতা অবশ্য এখনো স্বাধীন কারিগরি পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়নি।
লোকসানে থাকা রেলওয়ের ব্যয় সাশ্রয়ের প্রস্তাব
বাংলাদেশ রেলওয়ের পরিচালন ব্যয় দীর্ঘদিন ধরেই সংস্থাটির আয়ের তুলনায় বেশি। ২০২৪ সালে জাতীয় সংসদে তৎকালীন রেলপথমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের ব্যয় ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা। ওই অর্থবছরে আয়ের তুলনায় ব্যয় বেশি ছিল প্রায় ১ হাজার ৫২৪ কোটি টাকা।
এই আর্থিক পরিস্থিতির প্রেক্ষাপটে টিকিটিং ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের কমিশন বাবদ ব্যয় কমানোর বিষয়টি সামনে এনেছেন ইব্রাহিম। তাঁর প্রস্তাব অনুযায়ী, টিকিটিং ব্যবস্থা নিজস্ব অবকাঠামোয় পরিচালনার মাধ্যমে কমিশন বাবদ অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভবিষ্যতে যাত্রীদের সার্ভিস চার্জ কমানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে টিকিটিং কমিশন রেলওয়ের সামগ্রিক পরিচালন ব্যয়ের একটি অংশ মাত্র। নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রি চালু হলে রেলওয়ের মোট আয়-ব্যয়ে কী ধরনের পরিবর্তন আসবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যবস্থার পরিচালন ব্যয় ও আর্থিক কাঠামোর ওপর।
অন্যান্য দেশে যেভাবে পরিচালিত হয় রেলের টিকিটিং
রেলের নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রির উদাহরণ রয়েছে বিভিন্ন দেশে। ভারতে অনলাইন ট্রেনের টিকিট বিক্রির প্রধান প্ল্যাটফর্ম পরিচালনা করে রেল মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরসিটিসি)।
চীনে রেলওয়ের আনুষ্ঠানিক টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয় ‘১২৩০৬’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এসব দেশে যাত্রীরা সংশ্লিষ্ট রেলওয়ে ব্যবস্থার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি টিকিট কিনতে পারেন।
তবে দেশভেদে টিকিটিং ব্যবস্থার মালিকানা, পরিচালন কাঠামো, বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং সার্ভিস চার্জ নির্ধারণের পদ্ধতিতে পার্থক্য রয়েছে।
ইব্রাহিম বাংলাদেশের জন্য ভারতের মতো একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিংবা রেলওয়ের নিজস্ব তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে টিকিটিং ব্যবস্থা পরিচালনার প্রস্তাব দিয়েছেন।
নতুন দরপত্রের মধ্যেই ইব্রাহিমের প্রস্তাব
গত ২৬ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন দরপত্র আহ্বানের প্রস্তুতির কথা জানানো হয়। বৈঠকে অনলাইন টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ের সমন্বিত টিকিটিং ব্যবস্থার নকশা, উন্নয়ন, সরবরাহ, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন দরপত্র আহ্বান করা হয়েছে।
রেলওয়ের কিছু টিকিটিং প্রশাসনিক কার্যক্রমও নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।
ইব্রাহিমের প্রস্তাব অবশ্য নতুন বেসরকারি সেবাদাতা নিয়োগের পরিবর্তে দীর্ঘমেয়াদে রেলওয়ের নিজস্ব সক্ষমতা তৈরির ওপর কেন্দ্রীভূত। প্রাথমিকভাবে রেলওয়ের আইটি সেলের মাধ্যমে অ্যাপটি পরিচালনা এবং পরবর্তী সময়ে প্রয়োজনে একটি পৃথক রাষ্ট্রায়ত্ত কোম্পানি গঠনের কথা বলছেন তিনি।
টিকিটিংয়ের বাইরে আরও যেসব সেবা যুক্ত করার পরিকল্পনা
ইব্রাহিম জানিয়েছেন, টিকিট কেনাবেচার পাশাপাশি ভবিষ্যতে একই প্ল্যাটফর্মে যাত্রীদের অভিযোগ গ্রহণ, অভিযোগের ভিত্তিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম, রেলওয়ের সম্পদ ব্যবস্থাপনা এবং ট্রেন চলাচলের তথ্য দেখার সুবিধা যুক্ত করা যেতে পারে।
তবে প্রস্তাবিত সফটওয়্যারটি রেলওয়ের সিগন্যাল বা ট্রেন চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অংশ হবে না। ট্রেন চলাচলসংক্রান্ত তথ্য শুধু যাত্রীদের দেখার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
এসব সেবা পর্যায়ক্রমে যুক্ত করার বিষয়টি সরকারের চাহিদা, বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সফটওয়্যারটির সমন্বয়ের ওপর নির্ভর করবে।
বিনামূল্যে অ্যাপ দিতে চান, অপেক্ষা সরকারের সিদ্ধান্তের
ইব্রাহিম জানিয়েছেন, তিনি রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে নিজের প্রস্তাব পাঠিয়েছেন। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো জবাব পাননি বলে জানান এই শিক্ষার্থী।
তার দাবি, অ্যাপটির প্রাথমিক উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। তবে রেলওয়ে বা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এতে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন ফিচার যুক্ত করতে প্রস্তুত রয়েছেন তিনি। হস্তান্তরের পরও প্রয়োজন অনুযায়ী কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সরকারের কাছে বিনামূল্যে সফটওয়্যার হস্তান্তরের প্রস্তাব দিলেও বিদ্যমান আইন, বিধিমালা ও প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় এটি কীভাবে গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
ইব্রাহিমের তৈরি অ্যাপটি বাংলাদেশ রেলওয়ের দেশব্যাপী টিকিট বিক্রি, বিপুলসংখ্যক যাত্রীর একযোগে প্রবেশ, আর্থিক লেনদেন, তথ্য সুরক্ষা ও অন্যান্য কারিগরি প্রয়োজন মেটাতে কতটা সক্ষম, সেটিও এখনো পরীক্ষিত নয়। স্বতন্ত্র কারিগরি যাচাইয়ের মাধ্যমে এসব সক্ষমতা মূল্যায়নের সুযোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
আপাতত রেলের টিকিটিং ব্যবস্থাপনা নিয়ে নতুন দরপত্রের কার্যক্রমের মধ্যেই নিজের তৈরি সফটওয়্যারটি সরকারকে বিনামূল্যে দেওয়ার প্রস্তাব নিয়ে অপেক্ষা করছেন ডিআইআইটির এই শিক্ষার্থী।
ইএইচআর/ সিটি/ ডিসি









