শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কিডনি ভালো রাখতে এড়িয়ে চলবেন যে তিন খাবার

কিডনি ভালো রাখতে এড়িয়ে চলবেন যে তিন খাবার
প্রতীকী ছবি

কিডনির কার্যকারিতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত পানি, লবণ ও বর্জ্য পদার্থ ঠিকমতো ছেঁকে বের করা কঠিন হয়ে পড়ে। এতে রক্তচাপ বেড়ে যেতে পারে, শরীরে পানি জমতে পারে এবং খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই কিডনি ভালো রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। নিয়মিত খাওয়া হয় এমন কিছু খাবারও কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে তিন ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শীতের সময়ে অনেকের খাবারের তালিকায় থাকে পালংশাক। তবে কিডনির রোগী ও কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, এমন ব্যক্তিদের এ শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। পালংশাকে প্রচুর অক্সালেট থাকে, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া এতে পটাশিয়ামের পরিমাণও বেশি। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কিডনির সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পালংশাক খাওয়া উচিত।

দ্বিতীয়ত, দুগ্ধজাত ও ফসফরাসসমৃদ্ধ খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। পনির, ছানা ও দইয়ের মতো দুগ্ধজাত খাবারে ফসফরাস থাকে। একইভাবে ডাল, বাদাম ও বীজজাতীয় খাবারেও ফসফরাসের পরিমাণ উল্লেখযোগ্য। কিডনির কার্যকারিতা কমে গেলে রক্ত থেকে অতিরিক্ত ফসফরাস বের করা কঠিন হতে পারে। ফলে কিডনির রোগীদের এসব খাবার পরিমাণমতো খেতে হতে পারে। তাই নিয়মিত খাদ্যতালিকায় রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তৃতীয়ত, অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। মাছ, ডিম, মুরগির মাংস, ডাল, বাদাম ও বীজ শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎস। তবে প্রোটিন ভাঙার পর তৈরি হওয়া বর্জ্য পদার্থ শরীর থেকে বের করতে কিডনিকে কাজ করতে হয়। কিডনির রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনির ওপর চাপ বাড়াতে পারে। এ কারণে রোগের ধরন ও পর্যায় অনুযায়ী অনেক রোগীকে প্রোটিন গ্রহণের পরিমাণ সীমিত রাখতে বলা হয়।

বিশেষ করে বাদাম, বীজ ও দানাশস্য অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে সতর্ক থাকতে হবে। কিডনির রোগীদের জন্য কতটুকু প্রোটিন প্রয়োজন, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও রোগের পর্যায়ের ওপর নির্ভর করে। তাই নিজের ইচ্ছায় খাবার থেকে প্রোটিন বাদ দেওয়া বা খাদ্যতালিকায় বড় পরিবর্তন না এনে চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology