শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি আসছে, সবচেয়ে বেশি কলেজে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি আসছে, সবচেয়ে বেশি কলেজে
এআই জেনারেটেড প্রতীকী ছবি

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবসের ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে এ ছুটি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন বা তার বেশি ছুটি থাকতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটি উপভোগ করবে। সব মিলিয়ে ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি থাকবে।

মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন: ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন।

কলেজে ছুটি ১৮ দিন: কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ছুটি ১৬ দিন: সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মাদরাসায় টানা ১৬ দিনের ছুটি থাকবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১২ দিন: দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের অবকাশ পাবেন।

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যালেন্ডারে ছুটি: দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় ও মেয়াদে ভিন্নতা থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের ছুটি ১৫ দিন বা তার বেশি হতে পারে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology