রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষানাশ, শিক্ষার্থীদের সর্বনাশ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে অনুপস্থিতি, কোচিং ব্যবসায় জড়িত এবং শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার অভিযোগ বহু বছরের। আর এর ভোগান্তি লাখ লাখ শিক্ষার্থীর। ক্যাম্পাস টাইমস এর অফিসে আসা সর্বশেষ অভিযোগ হলো মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগে কর্মরত শিক্ষা ক্যাডারদের বিরুদ্ধে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষায় চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ে দুটি ব্যবহারিক পরীক্ষার মধ্যে ২১২৮০৬ নম্বর কোর্সের পরীক্ষা নেওয়া হলেও ২১২৮১০ নম্বর কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া হয়নি।
নির্ধারিত সময়ের পর নম্বর এন্ট্রি না দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজকে নোটিস দেয়। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম সহযোগী শিক্ষক মুক্তার মাধ্যমে তড়িঘড়ি নম্বর এন্ট্রি করান। পরবর্তীতে বহিরাগত পরীক্ষক (এক্সটার্নাল) ছাড়াই অতি গোপনে ২৫ ও ২৬ নভেম্বর শিক্ষার্থীদের ডেকে ওই পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের কোর্সটি দুই দিন আগে যুক্ত হয়েছে বলে বিভ্রান্ত করা হয়, অথচ প্রবেশপত্রে (অ্যাডমিট কার্ড) তা আগে থেকেই ছিল। কলেজের সিসিটিভি ফুটেজ, হাজিরা খাতা ও নম্বরপত্র যাচাই করলে এ অনিয়মের প্রমাণ মিলবে দাবি করে শিক্ষাজীবন রক্ষায় দ্রুত সরেজমিন তদন্ত ও যথাযথ প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কিংবা অপরাপর ক্যাডারদের পাওয়া যায়নি। তাদের অধিকাংশই ঢাকায় থাকেন। সপ্তাহে দুএকদিন কলেজে যান। আবার কেউ কেউ মাসে একদিন।
ইএইচআর/ বিএন/ ডিসি








