রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদপ্রত্যাশী বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যেই রাজধানী তিরানায় হাজারো মানুষ রাজপথে নেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুখোশ পরা একদল বিক্ষোভকারী সরকারি ভবনে পাথর ছুড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তারা আর সামনে এগোতে পারেননি।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব, শিক্ষার নিম্নমান ও নাজুক স্বাস্থ্যসেবা নিয়ে আলবেনিয়ায় জনরোষ বাড়ছে। এর জেরে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও নাগরিকদের দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া সম্ভব নয়। অন্য আন্দোলনকারীরাও উন্নত জীবনমান নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিতে স্লোগান দেন।

এর আগে গত গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় নতুন করে শুরু হওয়া বিক্ষোভ এদি রামার সরকারের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী এদি রামা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্দোলন প্রশমনে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে তার সরকার।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা এদি রামা গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে ইইউর সদস্যপদ পাওয়ার দৌড়ে আলবেনিয়া এগিয়ে রয়েছে। ২০৩০ সালের মধ্যে জোটটিতে যোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। তবে বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ ও চলমান রাজনৈতিক অস্থিরতা সেই লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology