রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় যুবদলের আয়োজিত কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। মিছিলটি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। মিছিলটি কোন দিক দিয়ে গেছে কিংবা পরে তাঁরা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সেখানে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার পথে সড়কে ভিড়ের মধ্যে হঠাৎ মিছিলটি বের করা হয়। এ সময় সড়কে চলাচলকারী লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, কনসার্টের ভিড়কে কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে মিছিলটি করা হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology