বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১৫ বছর ধরে কর্মস্থলে নেই চিকিৎসক!

১৫ বছর ধরে কর্মস্থলে নেই চিকিৎসক!
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

২০১২ সালের ২৯ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) পদে যোগ দিয়েছিলেন ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। মাত্র ১৪ দিনের মাথায় ওই বছরের ১২ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতির আবেদন জানিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। এরপর আর ফেরেননি কর্মস্থলে। যদিও অব্যাহতি কার্যকর না হওয়ায় চলতি বছরের ২৮ জুলাই চাকরিতে পুনর্বহালের আবেদন করেছেন এই চিকিৎসক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা শাখা-১ থেকে এই শোকজ নোটিশ দেওয়া হয়। এতে স্বাস্থ্য সচিব ড. আ ন ম বজলুর রশিদ সই করেছেন।

তথ্য বলছে, ২০১২ সালের ২৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডা. আজাদকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। ২৯ জানুয়ারি তিনি সেখানে যোগদান করেন। মাত্র ৪ দিনের ২ ফেব্রুয়ারি তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বদলির জন্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এরই মধ্যে ১২ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণে সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে কর্মস্থল ছাড়েন।

এদিকে অব্যাহতির আবেদন মঞ্জুর না হওয়ায় ২০১৭ সালের ২৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং চলতি বছরের ২৮ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর মানবিক কারণে সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের আবেদন করেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, ‘সরকারি চাকরিবিধি (পার্ট-১) বিধি-৩৪ অনুযায়ী ঘটনার বিশেষ অবস্থা বিবেচনাপূর্বক সরকার অন্যরূপ কোনো সিদ্ধান্ত না নিলে, বাংলাদেশ ফরেন সার্ভিসে কর্মরত থাকার ক্ষেত্র ব্যতীত, অন্যত্র, ছুটিসহ অথবা ছুটি ব্যতীত একাধিকভাবে পাঁচ বছর কর্ম হতে অনুপস্থিত থাকার পর একজন সরকারি কর্মচারীর চাকরির অবসান হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘গত ১২ ফেব্রুয়ারি ২০১২ থেকে একনাগাড়ে ৫ বছরের অধিককাল চাকরিতে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিএসআর (প্রথম খণ্ড)-এর ৩৪ বিধিমতে কেন আপনার চাকরির অবসান হবে না, তার কারণ দর্শাতে বলা হলো। পত্র জারির ১০ কর্মদিবসের মধ্যে আপনার নিকট থেকে কোনো জবাব পাওয়া না গেলে ধরে নেওয়া হবে যে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই এবং সেক্ষেত্রে সরকার আইন ও বিধির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology