বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সুইস কূটনীতিককে বহিষ্কার করল উত্তর কোরিয়া

সুইস কূটনীতিককে বহিষ্কার করল উত্তর কোরিয়া
I সুইস কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের প্রধানকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শিশু ক্যাম্পের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা আরোপের জেরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বহিষ্কারের নির্দেশের পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সংদোভোন আন্তর্জাতিক শিশু ক্যাম্পের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার জবাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সুইজারল্যান্ডের এই পদক্ষেপকে প্রকাশ্য বৈরী কর্মকাণ্ড এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন।

কিম ইয়ো জংয়ের দাবি, শিশু ক্যাম্পটি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বৈধ সহযোগিতার অংশ। তবে রুশ বাহিনীর হাতে অপহৃত ইউক্রেনীয় শিশুদের সেখানে পুনঃশিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে পশ্চিমা দেশগুলোর যে অভিযোগ, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ে নিযুক্ত সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভেইন অ্যাস্টিয়ারকে তলব করা হয়েছিল। তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে কূটনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার ও নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে—এমন কোনো কর্মকাণ্ড দেশটি মেনে নেবে না।

অন্যদিকে, উত্তর কোরিয়ার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের বেইজিংয়ে অবস্থিত সুইস দূতাবাস এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে। সিলভেইন অ্যাস্টিয়ারকে বেইজিংয়ে সুইস দূতাবাসে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পিয়ংইয়ংয়ে তাদের কূটনৈতিক কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার অর্থ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন তৈরি হওয়া নয়।

এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই পিয়ংইয়ংয়ে নিজেদের কূটনৈতিক কার্যালয় পুনরায় চালু করেছিল সুইজারল্যান্ড। গত মাসের শেষ দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস উত্তর কোরিয়া সফর করেন। এ সময় তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল।

কূটনৈতিক বিরোধের কেন্দ্রে রয়েছে উত্তর কোরিয়ার সংদোভোন আন্তর্জাতিক শিশু ক্যাম্প। ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে শিশুদের সেখানে নিয়ে যাওয়া এবং তাদের মধ্যে রাশিয়াপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ক্যাম্পটির বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সুইজারল্যান্ড ক্যাম্পটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

সুইজারল্যান্ডের অভিযোগ, ইউক্রেনীয় শিশুদের স্থানান্তরের ঘটনায় ক্যাম্পটি জড়িত। সেখানে শিশুদের এমন প্রচারণা ও কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়, যার মাধ্যমে রাশিয়ার পক্ষে মতাদর্শ ছড়িয়ে দেওয়া হয়। এর আগে গত মে মাসে যুক্তরাজ্য এবং সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নও ক্যাম্পটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় ক্যাম্পটির সম্পদ জব্দ এবং এর সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করতে হাজার হাজার সেনা ও অস্ত্র সরবরাহ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুইজারল্যান্ড পশ্চিমা দেশগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৪ সালে দুই দেশের মধ্যে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তাঁর বোন কিম ইয়ো জং—দুজনই নব্বইয়ের দশকে কিশোর বয়সে সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন।

১৯৯৭ সালে সুইজারল্যান্ডের উন্নয়ন ও সহযোগিতা সংস্থা পিয়ংইয়ংয়ে একটি সহযোগিতা কার্যালয় চালু করে। এর মূল কাজ ছিল মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা। তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দিলে কার্যালয়টিও বন্ধ হয়ে যায়।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology