বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রথম এমপিওভুক্তির সময় বিবেচনা করে উচ্চতর গ্রেডের দাবি শিক্ষকদের, প্রধানমন্ত্রীর কাছে আবেদন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির তারিখ বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। এ দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।
স্মারকলিপিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর অনুচ্ছেদ ১১.৫ অনুযায়ী প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে চাকরির সময়কাল গণনা করে উচ্চতর গ্রেড প্রদানের বিধান রয়েছে। পক্ষান্তরে, স্কুল ও কলেজের এমপিও নীতিমালা-২০২৫- এর অনুচ্ছেদ ১১.৭-এর ভিন্ন শর্তের কারণে মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে একই সুবিধা নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে বিএড ডিগ্রি অর্জন, পরবর্তী সময় গণনার কারণে অনেক শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শিক্ষক নেতারা বলে, এ বৈষম্য নিরসনের দাবিতে আমরা গত ১২ আগস্ট ও ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া গত ২২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেছি। আমরা কোনো অতিরিক্ত সুবিধা নয়, বরং একই এমপিও ব্যবস্থার আওতাভুক্ত শিক্ষক হিসেবে ন্যায্য অধিকার ও সমতা প্রত্যাশা করছি।
প্রধানমন্ত্রী বরাবর করা ওই আবেদনে বলা হয়, মহোদয়ের নিকট আকুল আবেদন, মাদ্রাসা নীতিমালা-২০২৬-এর অনুচ্ছেদ ১১.৫ অনুসরণে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদেরও প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে চাকরির সময়কাল গণনা করে প্রথম উচ্চতর গ্রেড প্রদানের সুযোগ সৃষ্টি এবং স্কুল ও কলেজের এমপিও নীতিমালা-২০২৫-এর অনুচ্ছেদ ১১.৭ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিদ্যমান বৈষম্য নিরসনে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
ইএইচআর/ সিটি/ ডিসি









