বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আমাদের কাছে আসতে হবে না, আমরা এমপিও প্রতিষ্ঠানে পৌঁছে দেব
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির জন্য মিছিল-মিটিং না করে শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, যেসব শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্যতা রাখে, তারা সবাই এমপিও সুবিধা পাবেন। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ে আসতে হবে না। যোগ্য প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করে তাদের কাছে এমপিও সুবিধা পৌঁছে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখানে আসার পরেই দেখলাম এয়ারপোর্ট থেকে যেখানে যাই সেখানে ফুলের ছড়াছড়ি; আমার জন্য নন-এমপিও শিক্ষকরা ফুল নিয়ে আসছে এবং জাতীয়করণের স্লোগান তুলছে। যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে তারা সকলেই এমপিও পাবেন। এইজন্য মিছিল-মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান।’
যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পর্কে সরকারের ধারণা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।’
ইএইচআর/ সিটি/ ডিসি









