বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
‘নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না’
নন-এমপিও শিক্ষকদের মিছিল-মিটিং না করে শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এমপিও পাওয়ার যোগ্য সব শিক্ষকই এমপিও পাবেন। এ জন্য শিক্ষকদের মিছিল-মিটিং করার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে আসার পরেই দেখলাম এয়ারপোর্ট থেকে যেখানে যাই সেখানে ফুলের ছড়াছড়ি। আমার জন্য নন-এমপিও শিক্ষকরা ফুল নিয়ে আসছে এবং জাতীয়করণের স্লোগান তুলছে। যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে তারা সকলেই এমপিও পাবেন। এই জন্য মিছিল-মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য অনশন করছেন। এই বদলির ব্যবস্থা আদৌ কখনো কোথাও ছিল না। আমি এনটিআরসিএ তৈরি করেছিলাম বেগম খালেদা জিয়ার সময়। এই এনটিআরসিএতে তারা নিয়োগ দিয়েছিল ত্রুটিপূর্ণ। সেই জন্য বাংলাদেশে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে—এক প্রান্তের লোক আরেক প্রান্তে চাকরির জন্য তারা পাঠিয়েছিল।’
তিনি বলেন, ‘সেটাকে আমি নিজ উদ্যোগে এই বদলি ব্যবস্থাকে কীভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাকে কেউ বলেনি কাজ করার জন্য। যদি এই বদলি ব্যবস্থার রীতি থাকত, তাহলে আপনারা যদি দাবি করে আদায় করতে পারতেন, গত ২০ বছর, গত ১৯ বছর কোথায় ছিলেন? বললেন না?’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি নয় মাস হয়ে এসেছি। আমি কমিটি করছি, অ্যাপস তৈরি করছি, তালিকা করছি। এখন আপনি দাবি করেন—এই লোক দেখানো পলিটিক্স করে কোনো লাভ হবে না। আমার দায়িত্ব শিক্ষকদের কীভাবে সাহায্য করা যায়, তাদের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য লেখাপড়া আদায় করার পরিবেশ তৈরি করা যায়—সে দায়িত্ব আমার। মিছিল-মিটিং করে হবে না।’
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘করব আমি, আমি জানি কী করতে হবে। অতএব ওই পলিটিক্স ছেড়ে দেন, শিক্ষক নেতা হওয়ার দরকার নাই। শিক্ষক নেতা তিনি হবেন, যার সার্টিফিকেটে ভালো রেজাল্ট থাকবে। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না।’
শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ক্লাসরুমে যান, নেতাগিরি ছাড়েন, পড়ালেখা করান আর আমরা আমাদের দায়িত্ব পালন করব। যদি করতে ব্যর্থ হই, তখন এসে কথা বলবেন। এমন কোনো রেকর্ড ছিল না যে প্রতি এত তারিখের ভিতরে করতে হবে—তখন দাবি করতেন।’
ইএইচআর/ সিটি/ ডিসি









