বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি নিয়ে মিছিল-মিটিং নয়, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে আন্দোলন না করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বদলি ব্যবস্থা নিয়ে কাজ চলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা কেউ ক্লাস ফাঁকি দিয়ে মিছিল-মিটিংয়ে যাবেন না।
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা কীভাবে ঠিক করা যায় সেটা নিয়ে আমি কাজ করছি। প্রথাগত বদলির ব্যবস্থা থেকে সফটওয়্যার পর্যন্ত এসে আমি করেছি।’
‘আমি নয়মাস মন্ত্রীত্ব পেয়েছি। এরপর সব কাজ করছি। এখন আপনি দাবি করেন আপনি করছেন? এটা হবে না। এ দায়িত্ব তো আমার। মিছিল মিটিংয়ের দরকার নেই। মিছিল মিটিং ছেড়ে ক্লাসে যান।’
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় কোনো ধরনের দুর্নীতি ও প্রশ্নফাঁস চলবে না। এবারের পাবলিক পরীক্ষায় কোনো প্রশ্নফাঁস হয়নি, আগামীতেও হবে না।
সারা দেশে ছাত্রীদের ১০ লাখ বাইসাইকেল দেওয়া হবে। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার্থীরা বিনামূল্যে পোশাক পাবে। কিন্ডারগার্টেনগুলোকে ২০ শতাংশ এবং সাধারণ স্কুলগুলোতে ৮০ শতাংশ বৃত্তি দিয়েছে সরকার।
পাঠ্যবই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার সময়মতো বই পৌঁছে দিতে পারেনি। বর্তমান সরকার ৩০ অক্টোবর বই পৌঁছে দিয়েছে। আগামীতে বইয়ের মান ভালো হবে। কোনো বইয়ের মান খারাপ হলে প্রিন্টার্স মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে এখনো ভবন নির্মাণ করা হয়নি, সেগুলোতে নতুন ভবন দেওয়া হবে। তবে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না।
এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসির ফল তেমন ভালো হয়নি। ফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। পুনর্মূল্যায়নে অনেক শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষকদের দুর্বলতা ছিল।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী। তাই কেউ ক্লাস ফাঁকি দিয়ে মিছিল-মিটিংয়ে যাবেন না।
তিনি বলেন, নাটোরে বিশ্ববিদ্যালয় অবশ্যেই পাবেন আপনারা।
ইএইচআর/ বিএন/ ডিসি









