বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সপ্তম শ্রেণিতে মেসির নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিলেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্রের ছবি। কীভাবে ছবিটি ফাঁস হয়েছে, তা জানা যায়নি। তবে নম্বরপত্রটি নিয়ে আলোচনা চলছে। কারণ, এতে উঠে এসেছে ফুটবল কিংবদন্তির ছাত্রজীবনের এক অজানা অধ্যায়।
১৩ বছর বয়সে রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। ওই সময়ের নম্বরপত্রই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এটি কোন পরীক্ষার, তা নিশ্চিত হওয়া যায়নি।
তখন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন মেসি। দিনের বেশির ভাগ সময় কাটত ফুটবল নিয়ে। নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। এ ছাড়া গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে ৬ করে এবং ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে পেয়েছিলেন ৭ নম্বর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নম্বরপত্রে মেসির পড়াশোনার ফল মোটামুটি মানের হলেও শিক্ষকেরা খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেছেন। তবে ক্লাসে খুব একটা অংশ নিতেন না তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে সোসা বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে খেলার মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির শান্ত স্বভাব এবং ফুটবলের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’
মেসি নিজেও স্বীকার করেছেন, পড়াশোনা কখনোই তার সবচেয়ে শক্তির জায়গা ছিল না। রোজারিওতে শৈশবের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ বাড়ির খুব কাছে স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন তিনি।

বার্সেলোনায় যাওয়ার পরও ছাত্রজীবনে খুব একটা পরিবর্তন আসেনি মেসির। তার ভাষ্য, ক্লাসে তারা মজা করলেও পড়াশোনার প্রতি আগ্রহ অগ্রাধিকারের তালিকায় ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি; আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মেসি ক্লাব ফুটবলেও অসংখ্য সাফল্য পেয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। এত বড় তারকা হয়েও শৈশবের স্কুলের কথা ভোলেননি মেসি।
তারকা হওয়ার পর একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন তিনি এবং প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনুদান দিয়েছেন। তার সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চও, যেখানে একসময় বিরতির সময় ফুটবল খেলতেন মেসি।
রোজারিওর লাস হেরাস এলাকায় অবস্থিত স্কুলটি মেসির শৈশবের স্মৃতিবিজড়িত জায়গা। স্কুলে পড়ার সময়কার পুরোনো নিউজলেটার আবার প্রকাশের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার নম্বরপত্র। তবে ছবিটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা এখনো জানা যায়নি।
ইএইচআর/ সিটি/ ডিসি









