বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

টঙ্গী মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলোচিত সেই অভিভাবক রুমী

টঙ্গী মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলোচিত সেই অভিভাবক রুমী
ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমী

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমীসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। বর্তমানে উভয় মামলার অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শাহজালাল রুমী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ নভেম্বর শুনানি শেষে তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology