বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের
পুলিশ সদস্যদের বই পড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ; স্ক্রিন আসক্তি কমানো, জ্ঞানচর্চা ও আইনবিষয়ক পড়াশোনায় গুরুত্ব দিচ্ছে ‘বাতিঘর’
নওগাঁ জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে গড়ে তোলা হয়েছে ছোট্ট একটি লাইব্রেরি—‘বাতিঘর’। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি লাইব্রেরিটি পরিদর্শন করেন। এ সময় তিনি লাইব্রেরির পরিবেশ ও পুলিশ সদস্যদের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।
পুলিশ সদস্যদের অবসর সময়কে আরও অর্থবহ ও জ্ঞানসমৃদ্ধ করে তুলতে এই লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল, দায়িত্ব পালনের বাইরে অবসর সময়ে যেন পুলিশ সদস্যরা বই পড়ার সুযোগ পান এবং নিজেদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে পারেন। বিশেষ করে আইনবিষয়ক বই পড়ার মাধ্যমে নিজেদের আইনগত জ্ঞান আরও সমৃদ্ধ করার বিষয়টিও ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
লাইব্রেরিটি প্রতিষ্ঠার পর পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এয়ারকন্ডিশনার) স্থাপন করা হয়। ধীরে ধীরে লাইব্রেরিতে পাঠকের সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে সন্ধ্যার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি ও বই পড়ার আগ্রহ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়।
শুধু লাইব্রেরি প্রতিষ্ঠা করেই উদ্যোগটি সীমাবদ্ধ রাখা হয়নি; পাঠকদের বই পড়ায় আরও উৎসাহিত করতে চালু করা হয় বিশেষ পুরস্কার কার্যক্রম। প্রতি মাসের কল্যাণ সভায় লাইব্রেরির শ্রেষ্ঠ পাঠককে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত বই পড়ার আগ্রহ তৈরি এবং সুস্থ পাঠ-প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং স্মার্টফোনের স্ক্রিনে দীর্ঘ সময় কাটানোর প্রবণতা ব্যক্তি ও কর্মজীবনে নানা প্রভাব ফেলছে। বিশেষ করে অবসর সময়ের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় না করে বই পড়া, জ্ঞান অর্জন ও আত্মউন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। এ ক্ষেত্রে ‘বাতিঘর’ লাইব্রেরি পুলিশ সদস্যদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
লাইব্রেরিটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। আইন, অপরাধ, তদন্ত, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে বই পড়ার মাধ্যমে তারা নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে পারবেন। পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও অন্যান্য জ্ঞানমূলক বই পাঠের মাধ্যমে ব্যক্তিগত চিন্তাভাবনা ও মননশীলতার বিকাশ ঘটানোর সুযোগও তৈরি হবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজির লাইব্রেরি পরিদর্শন এবং উদ্যোগটির প্রশংসা সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে। একটি ছোট্ট উদ্যোগ থেকে গড়ে ওঠা ‘বাতিঘর’ ধীরে ধীরে পুলিশ সদস্যদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও আত্মউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এসআইবি/ সিটি









