বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পার্ক নির্মাণের পরিকল্পনা
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘদিনের অবৈধ দখলদারত্বের অবসান ঘটিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার এবং জনস্বার্থে জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্ছেদ শেষে জায়গাটিতে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার সরকারি জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে জায়গাটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার ব্যাহত হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এলাকাটিকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও অবৈধ দখলমুক্ত করা হবে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারিসুর রহমান বলেন, উচ্ছেদ করা জায়গাটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সচেতন মহল সরকারি সম্পত্তি দখলমুক্ত করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবৈধ দখলদারত্বের অবসান ঘটিয়ে জায়গাটি যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে এলাকাটির সৌন্দর্য ফিরে আসবে। পাশাপাশি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের অবসর কাটানোর সুযোগ তৈরি হবে। এটি নগরবাসীর বিনোদন ও স্বস্তির একটি মনোরম স্থান হিসেবেও গড়ে উঠতে পারে।
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং জনস্বার্থে সরকারি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, শুধু উচ্ছেদেই সীমাবদ্ধ না রেখে উদ্ধার করা জমিতে দ্রুত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









