বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মাদ্রাসায় বিজয় দিবস উদযাপনে মেলাসহ ৫ কর্মসূচি

মাদ্রাসায় বিজয় দিবস উদযাপনে মেলাসহ ৫ কর্মসূচি

মাদ্রাসায় ‘মহান বিজয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দেওয়া হয়েছে নির্দেশনা। নির্ধারিত করে দেওয়া হয়েছে বিজয়মেলা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ ৫ কর্মসূচি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।

সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology