শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার
রংপুরের তারাগঞ্জে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ধর্মীয় মাহফিলে যাওয়ার পর অসুস্থতার কথা বলে মাঝপথে ফিরে শ্যালকের বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটান তিনি।
জাহাঙ্গীর আলমের বাড়ি রংপুর মহানগরে। গত শুক্রবার দুপুরে তিনি তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাহফিলে অবস্থানকালে জাহাঙ্গীর তাঁর শ্যালককে শরীর খারাপ লাগার কথা জানান। ওষুধ কিনে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তাঁর শ্যালক মাহফিলেই থেকে যান।
অভিযোগ অনুযায়ী, নিজের বাড়িতে না গিয়ে জাহাঙ্গীর ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আটক করেন। এ সময় তাঁকে মারধরও করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
এসআইবি/ সিটি









