শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
রাণীনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান এমপি রেজুর
নওগাঁর রাণীনগরে সারাদেশে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। সভা থেকে যেকোনো ধরনের উসকানি ও গুজবে কান না দিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বড়গাছা ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকলেছুর রহমান বাবু, সহসভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সদস্য এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সম্প্রতি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনে দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা কারও উসকানি কিংবা গুজবে কান দেবেন না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সার্বিক সহযোগিতা করুন। ইতোমধ্যে দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোনো ধরনের নৈরাজ্যকে ভয় না পেয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।’
এমপি রেজু আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অপশক্তি যাতে সহিংসতা ও নাশকতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: এমপি রেজু
বক্তব্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জানান, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং অসচ্ছল নারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে সক্রিয় হওয়ার আহ্বান
সভা থেকে স্থানীয় পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্য রেজু বলেন, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি, মাদক এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকার শান্তি বজায় রাখা এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসআইবি/ সিটি









