শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শীতকালে একদিন গোসল না করলে মিলবে যে উপকার
শীতে আসলেই অনেকের গোসলের অভ্যাসে পরিবর্তন আসে। ঠান্ডা পানির ভয়ে কেউ কেউ প্রতিদিন গোসল এড়িয়ে চলেন, আবার কেউ গরম পানি দিয়ে দীর্ঘ সময় গোসল করেন। তবে বিশেষজ্ঞদের মতে, শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক হওয়ার প্রবণতা বাড়ে। এ সময় প্রতিদিন গোসল না করলেও সব ক্ষেত্রে তা ক্ষতিকর নয়। বরং শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের মতে, শীতকালে পরিবেশের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারিয়ে যায়। একই সঙ্গে ঠান্ডা আবহাওয়ায় শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।
শীতকালে প্রতিদিন গোসল না করার একটি ইতিবাচক দিক হলো, ত্বকের স্বাভাবিক তেল ও আর্দ্রতা ধরে রাখার সুযোগ তৈরি হয়। শরীরে ঘাম না হলে বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। এতে ত্বকের সুরক্ষায় ভূমিকা রাখা প্রাকৃতিক তেল অকারণে ধুয়ে যাওয়ার আশঙ্কা কমে। এই তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
শীতের সকালে বা রাতে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। জেনিফার লুকাসের পরামর্শ, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত রাখা এবং কুসুম গরম পানি ব্যবহার করা ভালো। পানির তাপমাত্রা যত বেশি হবে, ত্বক তত বেশি শুষ্ক হওয়ার আশঙ্কা থাকবে। অতিরিক্ত ঘষাঘষি করলেও ত্বকের সুরক্ষামূলক তেল কমে যেতে পারে।
শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারানোর প্রবণতা বাড়ে। ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থাও বাতাসের আর্দ্রতা কমিয়ে ত্বককে শুষ্ক করতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ত্বকে শুষ্কতা, চুলকানি, খসখসে ভাব এবং কখনো শীতকালীন র্যাশ দেখা দিতে পারে। এ অবস্থায় গোসলের অভ্যাসের পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ।
গোসলের পর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে বলা হয়েছে, গোসলের পর আলতোভাবে শরীর মুছে তিন মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগানো ভালো। এ ছাড়া সুগন্ধিযুক্ত প্রসাধনীর পরিবর্তে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রসাধনীর অতিরিক্ত সুগন্ধি ত্বকে অস্বস্তি, জ্বালাপোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, শীতকালে গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করা, কুসুম গরম পানি ব্যবহার করা এবং শরীর অতিরিক্ত ঘষাঘষি না করাই ভালো। গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার ব্যবহার করাও জরুরি। তবে প্রতিদিন গোসল করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। শরীরে ঘাম বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। অর্থাৎ শীতকালে গোসলের অভ্যাস নির্ধারণে শরীরের পরিচ্ছন্নতার প্রয়োজনের পাশাপাশি ত্বকের অবস্থাকেও গুরুত্ব দেওয়া উচিত।
ইএইচআর/ সিটি/ ডিসি









