শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি, মুশফিকের নামে হচ্ছে গ্যালারিরও

১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি, মুশফিকের নামে হচ্ছে গ্যালারিরও
মুশফিকুর রহিম

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন মুশফিকুর রহিম। আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন দেশের ক্রিকেটের অন্যতম এই কিংবদন্তি। এর মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এদিকে মুশফিকের সামনে সুযোগ ছিল লর্ডসের ঐতিহাসিক মাঠেই টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলার। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে লর্ডসে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে সেই পর্যন্ত অপেক্ষা করছেন না ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

পরিসংখ্যানেও দেশের ক্রিকেটে নিজের অবস্থানটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক। দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

অন্যদিকে মুশির বিদায়কেও নতুন রঙে সাজাতে চায় তামিম ইকবালের বোর্ড। বিসিবি সূত্র বলছে, মুশফিকের ১৫ নম্বর জার্সিকে সম্মান দেখিয়ে তুলে রাখতে চায় বিসিবি। এ ছাড়া হোম অব ক্রিকেটের একটি গ্যালারিও মুশফিকের নামেই করার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

মুশফিককে দেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।’

মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।’

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology