শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

দেশের ৩২ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দেশের ৩২ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিজয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের হাস্যোজ্জ্বল উদযাপন

দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। আজ শনিবার (২৮ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী (২৬ থেকে ২৮ নভেম্বর) এই আবাসিক প্রতিযোগিতার চতুর্থ আসর অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের এ এম এরফান খান এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই দলের অর্ণব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। অন্যদিকে, রানারআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া এবারের সেরা আটটি দল পরবর্তী আসরে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একইসূত্রে গাঁথা। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে বিতর্কের মূল্যবোধের সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়ায়, বিতের্কর উত্তম চর্চাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন। বিতর্কে সকলেই জয়ী হয়। এই প্রতিযোগীতার শুরু থেকে শেষ পর্যন্ত যারাই অংশগ্রহণ করেছে, মূলত তারা সকলেই জয়ী হয়েছে। তারা নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি প্রত্যেকেই অনেক ভালো চর্চা নিয়ে যাচ্ছেন। এই অর্জন অসাধারণ। প্রতিযোগীতার পুরো সময়টিতে তারা যেভাবে বিতর্কের মূল্যবোধকে ধারণ করেছে, একইভাবে তারা বাস্তবজীবনে দুর্নীতিবিরোধী চেতনাকে ধারণ করেবে, এই প্রত্যাশা করছি।

তিনি বলেন, দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রসংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা ছিলো অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধীর বিরুদ্ধে এই তরুণ সমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আপনাদের আন্তরিক সহযোগীতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যৎ আয়োজনেও আপনাদের এই সহমর্মিতা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা করছি। পারস্পারিক সম্মান, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা ও যৌক্তিক বোধের যে চর্চা বিতর্কে আপনারা করেছেন, তা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা করছি।

আয়োজকরা জানান, নারীর সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রতিযোগিতার প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছিল।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ
নির্মাণ : REM Technology