শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

চবির ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে হাসপাতাল, এআই-ডেটা সায়েন্সসহ ৪ নতুন বিভাগ চালুর উদ্যোগ

চবির ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে হাসপাতাল, এআই-ডেটা সায়েন্সসহ ৪ নতুন বিভাগ চালুর উদ্যোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ডিপিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রকল্পের আওতায় ৫০ শয্যার স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি চালু এবং নার্সিং বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অটোমোবাইলস বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্-ফোরকান এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।

৫০ শয্যার হাসপাতাল, চালুর পরিকল্পনা মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় চিকিৎসাশিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ৫০ শয্যার একটি স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিজস্ব উদ্যোগে এমবিবিএস চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় প্রশাসন।

শুধু চিকিৎসাসেবা নয়, চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে এ উদ্যোগের পেছনে। এ জন্য নতুন বিভাগ হিসেবে নার্সিং চালুর পরিকল্পনাও করা হচ্ছে।

এআই, ডেটা সায়েন্সসহ চার বিভাগ চালুর উদ্যোগ
চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং প্রযুক্তিনির্ভর কর্মবাজারের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে নতুন চারটি বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগগুলো হলো—এআই, ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং।

উপাচার্য জানান, বিভাগগুলো চালুর প্রস্তাব আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। পরে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হবে। নতুন বিষয়গুলো চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সময়োপযোগী উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চায় প্রশাসন।

গবেষণায় মাসে সর্বোচ্চ ৪০ হাজার টাকা বৃত্তি
বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, এমএসসি থিসিসের শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার টাকা, এমফিল গবেষকদের ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গবেষণায় তত্ত্বাবধানকারী শিক্ষকদেরও সম্মানিত করার উদ্যোগ রয়েছে।

গবেষণাকে শুধু ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে মৌলিক জ্ঞান সৃষ্টি ও বাস্তব সমস্যার সমাধানের মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায় প্রশাসন।

শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ৩০ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা
গবেষণাকে শিল্প ও অর্থনীতির সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যা বিশ্ববিদ্যালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য।

পরে এসব সমস্যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো শিক্ষক বা গবেষক নির্দিষ্ট সমস্যার সমাধানে কাজ করতে আগ্রহী হলে গবেষণা সেলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন করা হবে। এ ধরনের গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য।

এ লক্ষ্যে গঠন করা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল। গত ৪ নভেম্বর শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন পরিচালক ও একজন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। তাঁদের কাজ হবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা সংগ্রহ ও সমন্বয় করা এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগে পৌঁছে দেওয়া।

প্রয়োজনে যৌথ গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা এবং দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন উপাচার্য। তার মতে, শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে উভয় পক্ষই উপকৃত হবে।

কিউএস র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য
আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও বায়োলজিক্যাল সায়েন্সের কয়েকটি ক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এটিকে ভালো ইঙ্গিত হিসেবে দেখলেও বর্তমান অবস্থানে সন্তুষ্ট নয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক, গবেষক ও অন্যান্য সম্পদ সমন্বিতভাবে কাজে লাগিয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থানে পৌঁছাতে চায় তারা।

এ লক্ষ্যে শিক্ষকদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেছেন, অনেক শিক্ষক বিদেশে বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় অংশ নিলেও সেসব কার্যক্রমের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে থাকত না। ফলে শিক্ষকদের ব্যক্তিগত দক্ষতা ও যোগাযোগ বাড়লেও তা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও র্যাঙ্কিংয়ে কাজে লাগানোর সুযোগ সীমিত ছিল।

এখন থেকে দেশি-বিদেশি যেকোনো সম্মেলন বা কর্মশালায় অংশ নেওয়ার আগে শিক্ষকদের আন্তর্জাতিক সেলকে অবহিত করতে হবে। বিদেশ থেকে ফিরে নিজ নিজ অনুষদ বা বিভাগে সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র নিয়ে আলোচনা ও উপস্থাপনাও করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ওবিই পদ্ধতিতে শিক্ষার মানোন্নয়নের প্রত্যাশা
শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়নেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের মতে, এ পদ্ধতি চালুর ফলে আগে একাডেমিক কাজে তুলনামূলক কম সম্পৃক্ত থাকা শিক্ষকদের মধ্যেও পাঠদান ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ বেড়েছে।

তার মতে, ওবিই পদ্ধতি শুধু পাঠ্যক্রমের পরিবর্তন নয়; বরং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও বাস্তব প্রয়োগের সক্ষমতা মূল্যায়নের একটি কার্যকর কাঠামো। এ পদ্ধতির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনার পরিবেশে গুণগত পরিবর্তন আনতে চান তিনি।

প্রথম বর্ষে দক্ষতা প্রশিক্ষণ, শেষ বর্ষে ইন্টার্নশিপ
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মজীবনের জন্য প্রস্তুত করতে প্রথম বর্ষ থেকেই বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস শিক্ষার্থীদের সফট স্কিল ও বিভিন্ন কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, চার বছর মেয়াদি স্নাতক শিক্ষার শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ চালুর পরিকল্পনাও রয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ইন্টার্নশিপ ফেলোশিপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

উপাচার্যের মতে, এর ফলে শিক্ষার্থীদের বাসাভাড়া কিংবা টিউশনি নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। তারা আর্থিক চাপ কিছুটা সামলে ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে পারবেন। তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপসংক্রান্ত প্রস্তাবগুলো ইতিমধ্যে ইউজিসিতে পাঠানো হয়েছে। কমিশন প্রস্তাবগুলো ইতিবাচকভাবে পর্যালোচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

পাঁচ বছরে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয়
আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান উপাচার্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাডেমিক মনোযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সুযোগ সৃষ্টি করতে চায়। নতুন নতুন পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো বাস্তবায়নে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ তৈরির সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology