শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষক তার প্রতিষ্ঠানের নেতা ও নৈতিক দিকদর্শী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শী। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছুই নির্ভর করে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহর কিংবা গ্রাম সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ খ্রিষ্টাব্দের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চ শিক্ষার সুযোগ। শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। কলেজ এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে এটি এখনো প্রশ্নের ঊর্ধ্ব নয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা অত্যন্ত প্রয়োজন।
গণতান্ত্রিক সমাজে রাজনীতি, মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। এটি স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ না হয়ে দাঁড়ায়। এ বিষয়ে সব শিক্ষককে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ইএইচআর/ বিএন/ ডিসি









