শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০০ কলেজে শিক্ষার মান নিশ্চিত করতে হবে: মাহদী আমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০০ কলেজে শিক্ষার মান নিশ্চিত করতে হবে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, অধিভুক্ত কলেজগুলোর মধ্যে শিক্ষার মানের বৈষম্য রয়েছে। কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই, আবার অনেক কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও হতাশাজনক। এসব সমস্যা সমাধানে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

মাহদী আমিন বলেন, সেক্ষেত্রে আজকে আমাদের যাদেরকে ঘিরে অনুষ্ঠান, সে অধ্যক্ষ মহোদয়দের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা কেন্দ্র থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নীতি বাস্তবায়ন করতে পারতাম, সেই নীতিটা প্রপারলি কেউ করছে কি না, সেটার কার্যকারিতাও অনেক বেশি নির্ভর করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধ্যক্ষদের নেতৃত্বের ওপর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজ বড় ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আবার এমন অনেক কলেজ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চান না। কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে বিদ্যমান এই বৈষম্য দূর করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা যে ২৩০০-র বেশি ইনস্টিটিউট যারা রয়েছেন, প্রত্যেকে একটা গুণগত মান নিশ্চিত করব। যেখানে শিক্ষকদের জন্য আমরা প্রশিক্ষণ দেব, শিক্ষকদের ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করব, একই সাথে আমাদের যারা শিক্ষক অধ্যক্ষ রয়েছেন, ওনারা নিশ্চিত করবেন সেখানে ল্যাবরেটরি ফ্যাসিলিটি যেন ইউজ করা হয়, সেখানে লাইব্রেরি যেন থাকে, সেখানে টিচাররা রেগুলার যাচ্ছেন, সেখানে স্টুডেন্টদের পার্টিসিপেশন আরও অনেক বেড়ে যাচ্ছে।ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিএনপির সরকারের কাছে সবসময় একটা ভিন্ন অনুভূতির জায়গা।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে ঐক্য, ন্যায্যতা ও শিক্ষার প্রতি গুরুত্ব থাকবে। এমন একটি বাংলাদেশ, যেখানে উন্নত সড়ক, প্রযুক্তি বা পরিবহনব্যবস্থা না থাকলেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও যোগাযোগ ও প্রযুক্তিগত সুবিধা সীমিত থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ রয়েছে।

মাহদী আমিন বলেন, দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ রাষ্ট্রের কাছ থেকে পাবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বড় প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল ইউনিভার্সিটি বাজেট বাড়িয়েছি, এটাকে ডিসেন্ট্রালাইজড এবং প্রো-অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। তৃতীয় ভাষা, কারিগরি ভাষা, কারিগরি দক্ষতা, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো প্রশংসনীয়।

শিক্ষার মূল উদ্দেশ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতি থাকতে হবে। পাশাপাশি এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি কর্মদক্ষ হতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া সব উদ্যোগ বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার সময় তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী রয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার করা গেলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন সহজ হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে মাহদী আমিন বলেন, সুতরাং আসুন আমরা সবাই যে পরিকল্পনাগুলো রয়েছে, যে পলিসিগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়নে একসাথে কাজ করি। এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে সত্যি বৈষম্য থাকবে না, যেখানে সত্যি মেধার মূল্যায়ন হবে। এমন একটি বাংলাদেশ যেখানে একদম প্রান্তিক এলাকায় যে শিক্ষার্থী রয়েছে, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র তাকে ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করতে সহযোগিতা করবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology