শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
চুয়েটে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে © ক্যাম্পাস টাইমস

জুনিয়র এক শিক্ষার্থীকে ডেকে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থী দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।

পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে শুক্রবার দিভাগত রাত ১২ টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।

সভার এক পর্যায়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করেই প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণে হতে থাকা সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।

ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এপরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’

এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী জোর করে অ্যাম্বুল্যান্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে জানান তারা।

এদিকে সংঘর্ষের সময় চুয়েটের আমাদের সময়ের প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেকে নিজেরাই জড়িয়ে পড়ে। এ সময় ভিডিও কেন করেছ জানতে চান এবং স্বাধীনের ওপর চড়াও হন। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব সিসিটিভি দেখে তাদের শনাক্তের করে পরিচয় প্রকাশ করা হবে বলে জানান।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology