শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন, তৃণমূল ক্ষুব্ধ
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কমিটির তালিকা অনুযায়ী, উদ্বোধনী ওই অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন পদধারী নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন— ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়াও স্থানীয় সূত্রগুলো অনুষ্ঠানে আরও কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবে শনাক্ত করেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘বিগত সময়ে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। অথচ সে সময় যাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে পদপদবি ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন, এখন তাঁদেরই কেউ কেউ বিএনপির নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই।’
তাঁর মতে, অতীতের রাজনৈতিক ভূমিকা ও পরিচয় যাচাই না করে এভাবে প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত করায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে।
বর্তমানে নির্বাচনী প্রচারণায় কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের প্রকৃত রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃত্বের অবস্থান কী—তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এ নিয়ে দলটির সাংগঠনিক অবস্থান পরিষ্কার করার আহ্বানও উঠেছে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসআইবি/ সিটি









