শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

চুয়েটে নিজস্ব শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবি, নতুন কর্মসূচি ঘোষণা

চুয়েটে নিজস্ব শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবি, নতুন কর্মসূচি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অচলাবস্থা নিরসনে নিজেদের শিক্ষকদের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগের দাবিতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে চুয়েট শিক্ষক সমিতি। আগামী ২৯ নভেম্বর (রোববার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে এ মিছিল শুরু হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে মৌন মিছিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটে সৃষ্ট অচলাবস্থা নিরসনে শিক্ষকসমাজের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিতে হবে। মৌন মিছিলে সংশ্লিষ্ট সবার যথাসময়ে অংশগ্রহণ কামনা করেছে সমিতি। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো কর্মসূচি বা এ ধরনের কর্মসূচিকে শিক্ষক সমিতি সমর্থন করে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে অচলাবস্থার সূত্রপাত। ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ সময় উপাচার্য ভবনে তালা ঝোলানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

পরবর্তী সময়ে আন্দোলন ও অচলাবস্থা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধ অব্যাহত থাকে। তবে দীর্ঘ বিরতির পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে ক্লাস শুরু করেন এবং ১৫ নভেম্বর থেকে নিয়মিত পরীক্ষায় অংশ নিতে শুরু করেন।

এদিকে, গত ২৫ নভেম্বর চুয়েটের অচলাবস্থা নিরসনে নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন প্রস্তাব দেয় শিক্ষক সমিতি। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে এলেও এখন চুয়েটের যেকোনো শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন শিক্ষক নেতারা। তাদের বক্তব্য, সরকার চাইলে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েটের অন্য কোনো শিক্ষককেও নিয়োগ দিতে পারে। তবে যাকেই নিয়োগ দেওয়া হোক, তিনি যেন চুয়েটের শিক্ষক হন।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology