শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে ইআবির প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা
আগামী ১৮ ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফাজিল ও কামিল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। শিক্ষার্থীদের আরবি ভাষার দক্ষতা, সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ের ৭ ডিসেম্বর এবং বিভাগীয় পর্যায়ের ১৩ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইআবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় আরবি ভাষার তিনটি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হবে। এর মধ্যে নির্ধারিত বিষয়ে আরবি বক্তৃতার জন্য ৪০ নম্বর, বক্তৃতার লিখিত স্ক্রিপ্ট উপস্থাপনের জন্য ৩০ নম্বর এবং আরবি পঠন ও ব্যাকরণ দক্ষতা পরীক্ষার জন্য ৩০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
বক্তৃতার জন্য নির্ধারিত তিনটি বিষয়ের যেকোনো একটির ওপর প্রতিযোগীদের উপস্থিত বক্তৃতা দিতে হবে। পাশাপাশি নির্বাচিত বিষয়ের ওপর স্বহস্তে অনধিক ৫০০ শব্দের একটি আরবি স্ক্রিপ্ট প্রস্তুত করে প্রতিযোগিতার দিন জেলা আয়োজক কমিটির সভাপতির কাছে জমা দিতে হবে। স্ক্রিপ্টের ভাষাগত মান, বিশুদ্ধতা, মৌলিকত্ব ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে নম্বর দেওয়া হবে।
এ ছাড়া আলিম স্তরের আরবি প্রথম পত্রের নির্ধারিত পাঠ্যপুস্তকের আলোকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের আরবি পঠন, উচ্চারণ, ভাষাগত শুদ্ধতা ও অনুবাদ দক্ষতা যাচাই করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইআবির অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত মাদ্রাসার ফাজিল (পাস ও অনার্স) এবং কামিল (এক বছর ও দুই বছর মেয়াদি) স্তরের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জেলা আয়োজক কমিটির সভাপতির কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রতিযোগীর ছবিযুক্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা প্রতিযোগীর ছবিযুক্ত প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।[inside-ad-2
প্রতিযোগিতাটি জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে প্রত্যেক ফাজিল ও কামিল মাদ্রাসার আগ্রহী শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে জেলা কমিটির কাছে আবেদন করবেন। জেলা পর্যায় থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। পরে বিভাগের সব জেলা থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









