শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। কিন্তু আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।

আজ শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। কিন্তু আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না। এনটিআরসি এর বদলি, নিয়োগের সমস্যার সমাধান আমরাই করব। আমরা সেগুলো সমাধানের জন্যই কাজ করে যাচ্ছি। এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আমরা প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে চলেছে নৈরাজ্য।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরো বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী এসময় আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বক্তব্য দেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology