শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক ডা. ইসমাইল হোসেনকে ‘দলীয় কর্মী’ উল্লেখ করে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর এবার ‘সরকারি চাকরিবিধি’ লঙ্ঘনের অভিযোগে তাকে অব্যাহতি দিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সাথে তার সদস্যপদও স্থগিত করা হয়েছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘন ছাড়াও সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এনডিএফের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডা. ইসমাইল হোসেনকে অব্যাহতি ও সদস্য পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
ডা. ইসমাইল হোসেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন। তিনি এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা এনডিএফ থেকেও তাকে বহিস্কার করা হয়।
আরও পড়ুন: ‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়াত
এছাড়াও চলতি বছরের জুলাই মাসে সরকারি হাসপাতালে চাকরি করেও বেসরকারি হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয় ডা. ইসমাইলের বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেন।
ডা. মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর জেলা কমিটির পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে যথাযথ কারণ ছাড়া বারবার সভায় অনুপস্থিত থাকা, সাংগাঠনিক ঐক্য ক্ষুণ্ন করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করার অভিযোগ দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে ডা. ইসমাইলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১৪ দিনের মধ্যে এনডিএফের কেন্দ্রীয় সভাপতির নিকট জবাব দেওয়ার জন্য বলা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেনকে সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হলো। এ সময়ে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ বা সংগঠনের যেকোন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হলো।
এর আগে গত ১৫ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করে। ওই সময় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তার তিন দিন আগে, ১২ নভেম্বর সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ জেলা শাখা। একই দিন (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের ওই নোটিশ দেয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইএইচআর/ সিটি/ ডিসি









