শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে বের হতে শুরু করেন অনেকে।
পরে হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজনের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আগুন নেভানোর কাজে অংশ নিতে হয়নি। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী রিশাদ খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে দ্রুত ভবন থেকে নিচে নেমে যান।
তিনি ধারণা করেন, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রহিম উদ্দিন নামে এক রোগীর স্বজন বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন। যে যেভাবে পেরেছেন, দ্রুত ভবন থেকে নিচে নেমে গেছেন।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









