শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩৮ বছর পাঠদান শেষে বিদায়, অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থীরা
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন। তাঁর অবসরজনিত বিদায়কে ঘিরে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসর উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন ছিলেন একজন সৎ, আদর্শবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি শুধু পাঠ্যবইয়ের শিক্ষাদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর বিদায়ে বিদ্যালয় পরিবার একজন অভিভাবকতুল্য শিক্ষককে হারাল।
বিদায়বেলায় আবেগাপ্লুত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানের মতো। দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার প্রতি আমার ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি।’
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন মোহাম্মদ নুরুল আমিন। তাঁর অবসর গ্রহণের মধ্য দিয়ে শিক্ষকতা জীবনের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তাঁর শিক্ষা, আদর্শ ও ভালোবাসা শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ইএইচআর/ বিএন/ ডিসি








