বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
দেয়াল টপকে, কাঠের মই বেয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা
বিদ্যালয়ের পোশাক গায়ে, পিঠে বইয়ের ব্যাগ। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা থাকলেও কক্সবাজারের উখিয়ার ইনানীতে একদল কোমলমতি শিক্ষার্থীর সকাল শুরু হচ্ছে চরম ঝুঁকিতে। স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ে পৌঁছাতে তাদের এখন উঁচু দেয়াল টপকাতে হচ্ছে, আবার কোথাও ভরসা করতে হচ্ছে অস্থায়ী কাঠের মইয়ের ওপর।
মই বেয়ে উঠতে গিয়ে কারও পা পিছলে যাচ্ছে, কেউবা দেয়াল আঁকড়ে ধরে কোনোমতে পার হচ্ছে। সেতুর উত্তর পাশে বসবাসকারী এসব শিক্ষার্থীর এমন ঝুঁকিপূর্ণ যাতায়াতের দৃশ্য তৈরি হয়েছে ইনানীর ছোট খালের সেতু দিয়ে চলাচল বন্ধ থাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনানী ছোট খালের সেতুর এলজিইডি সড়কসংলগ্ন এলাকায় গ্যাসের আগুনের ঘটনা ঘটে। এরপর নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে স্বাভাবিক চলাচল সীমিত করা হয়। কিন্তু শিক্ষার্থীদের জন্য এখনো কোনো নিরাপদ বিকল্প পথের ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসার সময় শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে।
বিকল্প হিসেবে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করার সুযোগ থাকলেও অভিভাবকরা ছোট শিশুদের নিয়ে সেই পথকে নিরাপদ মনে করছেন না। কারণ ব্যস্ত এই সড়কে পর্যটকবাহী জিপ, মোটরসাইকেল, অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অন্যদিকে, দেয়াল টপকে পারাপারের সময়ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের পড়ে গিয়ে হাত-পা ও কোমরে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আসন্ন বার্ষিক পরীক্ষা নিয়ে। আগামী ৩ ডিসেম্বর থেকে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু যাতায়াতের এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হবে বলে মনে করছেন অভিভাবকরা।
স্থানীয়দের দাবি, গ্যাসের আগুনের স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় অন্তত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে সেতু পারাপারের ব্যবস্থা করা সম্ভব। বিদ্যালয়ে যাওয়া ও ছুটির সময় পুলিশি তত্ত্বাবধানে শিশুদের নিরাপদে পারাপারের সুযোগ করে দিলে এই দুর্ভোগ অনেকটাই কমবে।এ অবস্থায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, এলজিইডি ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
ইএইচআর/ বিএন/ ডিসি









