বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবীদের আওয়ামীলীগ বিরোধী মিছিল
লক্ষ্মীপুরসহ দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’-সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, গুম-খুন এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের সাথে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার করা হবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের কাছে বারবার আহ্বান জানাচ্ছে। তার ভাষ্যমতে, দেশে ফিরলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার স্থান হবে কারাগারে এবং প্রচলিত আইন অনুযায়ীই তার দণ্ড কার্যকর হবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ। এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্যাপারী, আজগর মাহমুদ, জহিরুল ইসলাম, সোহেল মাহমুদ, হাসান আল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, আব্দুল মজিদ, জাকির হোসেন, শামছুদ্দিন হিমেল, নুর হোসেন মিন্টু এবং আব্দুল আহাদ শাকিল পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এসআইবি/ সিটি









