বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
উপবৃত্তির ফরমে জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক
সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কাজ আজ থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে এই কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে।
সংশোধিত পাঁচ পৃষ্ঠার আবেদন ফরম ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ঠিকানাটি হলো www.pmeat.gov.bd। সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও এই ফরম পাঠানো হয়েছে। আজ সকাল ৯টা থেকে এই ফরমে তথ্য সংগ্রহ শুরু হবে। এরপর এইচএসপি-এমআইএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে তথ্য এন্ট্রি করা হবে।
নতুন ফরমে মোট ৩০ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকের ব্যক্তিগত তথ্য রয়েছে। থাকছে পরিবারের আয় ও ব্যয়ের হিসাব। জমির পরিমাণও জানাতে হবে। বসতঘর ও টয়লেটের ধরন সম্পর্কে তথ্য দিতে হবে। বাড়িতে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর বিবরণও লাগবে।
শিক্ষার্থীর নাম, জন্মতারিখ ও লিঙ্গ ফরমে লিখতে হবে। ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ও বোর্ডের নিবন্ধন নম্বরও দিতে হবে। পাশাপাশি মা-বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা ও পেশাও জানাতে হবে।
পরিবারে বীর মুক্তিযোদ্ধা বা জুলাইযোদ্ধা আছেন কি না, তা উল্লেখ করতে হবে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো সরকারি সুবিধা পাওয়ার তথ্যও দিতে হবে। এই কর্মসূচিতে ছাত্রীরা শতভাগ উপবৃত্তি পাবেন। আর ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









