বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রাজনৈতিক মতাদর্শ ব্যালটে দেখাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নয়- একমত ৯৬ শতাংশ

রাজনৈতিক মতাদর্শ ব্যালটে দেখাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নয়- একমত ৯৬ শতাংশ
প্রতীকী ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তারা কেবলই শিক্ষক। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের পথ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়। এমতাবস্থায় তার সঙ্গে একমত ৯৬ শতাংশ মানুষও।

দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা ক্যাম্পাস টাইমসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অপরদিকে জরিপে অংশ নেয়া ৩ শতাংশ ডেপুটি স্পিকারের সঙ্গে একমত নন। আর অবশিষ্ট ১ শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি।

গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ক্যাম্পাস টাইমসের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়। ক্যাম্পাস টাইমস পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট দুই হাজার ৭০০ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন দুই হাজার ৫৮২ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৮৯ জন। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ২৯ জন।

জরিপে প্রশ্ন করা হয়েছিলো, রাজনৈতিক মতাদর্শ ব্যালটে দেখাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নয়- ডেপুটি স্পিকারের কথার সঙ্গে আপনি একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, অতীতে বিভিন্ন নিয়োগে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল। তবে যারা এখন রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রের অর্থে যারা বেতন-ভাতা পান, তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology