বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেছাল বাংলাদেশ

হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেছাল বাংলাদেশ
বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের প্রভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায়ও পড়েছে বাংলাদেশের। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরে পাঁচ নম্বর থেকে ছয়ে নেমে গেছে টাইগাররা। অন্যদিকে, টানা জয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের পয়েন্টের হার ছিল ৪০ দশমিক ৭৪ শতাংশ। তবে বড় ব্যবধানে হারের পর, তা কমে ৩৬ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই পতনের সুযোগে ৩৮ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড।

চলমান ডব্লিউটিসি চক্রে বাংলাদেশের সামনে এখন বাকি রয়েছে মাত্র একটি সিরিজ। ঘরের মাঠে দুই টেস্টের সেই সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সিরিজটির সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকেও তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টেস্টের আগে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রোটিয়াদের পয়েন্টের হার এখন বেড়ে ৭৭ দশমিক ৭৮ শতাংশ হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের সঙ্গে ওয়েলিংটন টেস্ট ড্র করে পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিউজিল্যান্ড নেমে গেছে তিন নম্বরে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভারত।

পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology