বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আওয়ামী লীগকে পুনর্বাসন চললে সরকারের পতন ও হাসিনার ফেরা একসঙ্গে হবে: ড. রেজাউল করিম

আওয়ামী লীগকে পুনর্বাসন চললে সরকারের পতন ও হাসিনার ফেরা একসঙ্গে হবে: ড. রেজাউল করিম
ছবি : সংগ্রহীগ

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চললে বর্তমান সরকারের পতন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন একই সময়ে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে রুকনদের প্রত্যক্ষ ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন।

নির্যাতিত মানুষই হাসিনাকে বিচারের মুখোমুখি করবে

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, একদিকে ঐক্যের বুলি আওড়ানো আর অন্যদিকে পুনর্বাসনের প্রক্রিয়া চালু রাখা—এভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে শেখ হাসিনার আগমন ও বর্তমান সরকার পতন একসঙ্গেই হয়ে যাবে। দেশের মানুষ ফ্যাসিবাদ, গুম খুন আর তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা দেশে ফিরলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন ছাড়াই অতীতে তাঁর শাসনামলে নির্যাতনের শিকার সাধারণ মানুষই তাঁকে ধরে বিচারের মুখোমুখি করবেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। তাঁর দাবি, অর্থবিত্তের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ছক আঁকা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কারাগারে গিয়েও মন্ত্রী-এমপিরা ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ নেতাদের বরণ করে নিয়েছেন।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ড. রেজাউল করিম দাবি করেন, একসময় বিএনপির মহাসচিব থাকা রাষ্ট্রপতি নিজের নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের কর্মীদের ধানের শীষে (বিএনপির নির্বাচনি প্রতীক) ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামলা প্রত্যাহার ও নিরাপদে রাখার আশ্বাস দিয়েছিলেন।

চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "এটি কি শান্তির বার্তা, নাকি আগুনের ইঙ্গিত? এই আগুন কেবল নির্দিষ্ট কিছু মানুষের বাড়িঘর পোড়াচ্ছে না, পুরো দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এগোচ্ছে।"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান। এ ছাড়া নবনির্বাচিত উপজেলা আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল ও মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology