বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ভারতের কোথায় আছেন শেখ হাসিনা, কীভাবে আছেন— নতুন তথ্য প্রকাশ্যে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে দেশটিতে অবস্থান করছেন তিনি।
ধারণা করা হচ্ছে, তিনি ভারতের দিল্লিতে একটি নিরাপত্তা বেষ্ঠনি বাসভবনে থাকছেন। কিন্তু তার সঠিক ঠিকানা প্রকাশ্যে এখনও আসেনি। ফলে তার অবস্থান নিয়ে নানা জল্পনা রয়েছে।
অপরদিকে, বিভিন্ন গণমাধ্যম একাধিকবার শেখ হাসিনার বক্তব্য ও সাক্ষাৎকার প্রকাশ করলেও তার সুনির্দিষ্ট ঠিকানা জানায়নি। তবে তার সম্ভাব্য বাসস্থান ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। ওই বছরের অক্টোবরে তার অবস্থান সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিনি দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত লুটিয়েন্স বাংলো এলাকায় ভারত সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছিলেন। ওই এলাকায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে। তবে এ ব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরাও তাকে পাহারা দেন।
ভারতে অবস্থান করেও সাক্ষাৎকার, বিবৃতি ও দূরবর্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা।
চলতি বছরের জুনে শেখ হাসিনার একটি একান্ত সাক্ষাৎকার নেয় এনডিটিভি। বাংলাদেশে ফেরার বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। একই সাক্ষাৎকারে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার দল শুধু একটি সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’।
এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে ফোনে দেওয়া আরেক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন। একই সঙ্গে আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
চলতি বছরের আগস্টে নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও যুক্তরাষ্ট্র থেকে ওই আলোচনায় যুক্ত হন।
এদিকে সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
তবে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইএইচআর/ সিটি/ ডিসি









