বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন প্রধান শিক্ষিকা
স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার এক প্রধান শিক্ষিকা। স্ত্রী মন্দিরা রানী পালের কিডনি দানে নতুন জীবন ফিরে পেয়েছেন সহকারী শিক্ষক সুদাম পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা জটিল এই অস্ত্রোপচার শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই শিক্ষক দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৯ খ্রিষ্টাব্দে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে দুশ্চিন্তা নেমে আসে। দেশ ও বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু অনেক চেষ্টা করেও উপযুক্ত দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী। সে সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। হাসপাতালটির ইউরোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ফলোআপ শেষে মঙ্গলবার সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন হয়।
স্বামীর প্রতি স্ত্রীর এই বিরল আত্মত্যাগ ও সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা সমাজে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









