শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে, শিক্ষকের ‘শাস্তি’ ঢাকায় পদায়ন!

২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে, শিক্ষকের ‘শাস্তি’ ঢাকায় পদায়ন!

নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা ২০০১ খ্রিষ্টাব্দের জুলাইয়ে চাকরিতে যোগ দেন। ২৩ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি ২৯ দফায় মোট ৩ হাজার ৪৮৩ দিন (৯ বছর ৬ মাস ১৮ দিন) ছুটি কাটিয়েছেন। বার্ষিক কর্মদিবস (বছরে প্রায় ১৯৪ দিন) হিসাব করলে প্রায় ১৮ বছরই তিনি বিদ্যালয়ের বাইরে ছিলেন। চিকিৎসা, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটিসহ নানা অজুহাতে তিনি সর্বোচ্চ টানা ২৫১ দিন পর্যন্ত ছুটিতে ছিলেন।

সার্ভিস বই ও হাজিরা খাতা বিশ্লেষণে দেখা গেছে, মোট ছুটির মধ্যে ২ হাজার ১৯৬ দিন ব্যক্তিগত সার্ভিস বইয়ে নথিভুক্ত হয়নি। এর মধ্যে মাতৃত্বকালীন ছুটির ৩০৩ দিন, প্রশিক্ষণের ১ হাজার ২১৮ দিনের মধ্যে ৮৫৩ দিন এবং চিকিৎসা ছুটির ১ হাজার ৯৬২ দিনের মধ্যে ১ হাজার ৪০ দিন অন্তর্ভুক্ত নেই। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন চিকিৎসা ছুটিতে থাকলে সিভিল সার্জনের সনদ ও প্রয়োজনে বাধ্যতামূলক অবসরের বিধান থাকলেও তা মানা হয়নি। স্বামীর বেসরকারি চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী বাবা আবুল কাশেমের রাজনৈতিক প্রভাব ও ভীতি দেখিয়ে তিনি ছুটি নিতেন এবং তথ্য সার্ভিস বইয়ে তুলতে দিতেন না। ২০২৪ খ্রিষ্টাব্দের ১ থেকে ৪ ডিসেম্বর অননুমোদিত ছুটির অনুমোদন চাইতে গিয়ে বাবার উপস্থিতিতে সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিব হেনস্তার শিকার হন। তদন্তে এ ঘটনার সত্যতা মিললেও ব্যবস্থা না নিয়ে ২০২৫ খ্রিষ্টাব্দে রাবেয়া সুলতানাকে ডেপুটেশনে ঢাকার পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়। পরে মেয়াদও বাড়ানো হয়। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে এই সংযুক্তি বাগিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাবেয়া সুলতানা ফোন কেটে দেন। পরের কলে নম্বরটি সঠিক নয় বলে দাবি করেন। নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার এ এস এম এহসান কবীর নথিপত্রের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত চলার কথা জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তাকে শোকজ করা হয়েছে। তবে ঢাকায় ডেপুটেশনের বিষয়টি অধিদপ্তরই বলতে পারবে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, সরকারি চাকরিতে সব ধরনের ছুটি মিলিয়েও এত দীর্ঘ সময় ছুটিতে থাকার বিধান নেই। ছুটি ও পদায়নের অনিয়ম খতিয়ে দেখতে উচ্চতর তদন্ত প্রয়োজন।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology