শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এ দেশের কোনো সরকারের পক্ষে কি পুরো শিক্ষাব্যবস্থাকে রাতারাতি জাতীয়করণ করা সম্ভব? আমাদের কি সেই পরিমাণ জাতীয় বাজেট আছে? তাছাড়া সবাইকে রাতারাতি জাতীয়করণ করে ফেললে শিক্ষার মান (কোয়ালিটি) কোথায় থাকবে? আমাদের তো শিক্ষার মান নিশ্চিত ও নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে তো আর সাধারণ মুদি দোকানের পণ্যের মতো বানানো যাবে না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার চেয়ে বেশি এ বিষয়ে আপনারা (সাংবাদিকরা) ভালো জানেন। আমি এটা করতে পারব কি পারব না, তা আপনাদের সবারই জানা। কিন্তু কিছু কিছু অনলাইন গণমাধ্যম বিষয়টি নিয়ে অযথা উসকানি দিচ্ছে এবং সমস্যাটিকে সামনে নিয়ে আসছে। আবার কিছু মানুষ হঠাৎ করে নেতা হওয়ার আশায় এগুলোতে ইন্ধন জোগাচ্ছেন।’

বদলির বিষয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি শিক্ষকদের বদলি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দেশের এক প্রান্তের শিক্ষক আরেক প্রান্তে গিয়ে পড়ে আছেন। একজন শিক্ষক যদি নিজ এলাকা ছেড়ে দূরে থাকেন, তার যদি আবাসন সুবিধা না থাকে এবং তিনি যদি মানসিকভাবে বিপর্যস্ত ও কষ্টের মধ্যে থাকেন, তবে তিনি শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করতে পারবেন না।’

তিনি আরও বলেন, আমি যদি মনে করি, আপনি পছন্দ দিয়েছেন, সরকার চাকরি দিয়েছে, ব্যস—এভাবেই চলতে থাকবে, তাহলে যেসব শিক্ষক মানসিকভাবে শান্তিতে নেই, তারা ক্লাসে ঠিকমতো পড়াতে পারবেন না। দিনশেষে ক্ষতিগ্রস্ত হব আমি। আমি এখানে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে এসেছি, এই ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে, পেছনে নিতে নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, একবারেই এটা করতে হবে। কে অনশন করল, কে বক্তৃতা দিয়ে বলল এত তারিখের মধ্যে দিতে হবে এসব আমি বিবেচনায় নিচ্ছি না। আমি আমাদের দেশের স্বার্থকে গুরুত্ব দিই।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন এনটিআরসিএ নিয়োগের ব্যাপারে আমি কী করতে পারি বা না পারি, তা এই লাইনে যারা আছেন, সবাই জানেন। কিছু গণমাধ্যম এমনভাবে বলছে, যেন সবকিছু একসঙ্গে করে ফেললেই হয়। আরে ভাই, সব ঢালাওভাবে করে ফেললে মান থাকবে কোথায়? মান নিয়ন্ত্রণ করতে হবে তো! আপনি এটাকে মুদি দোকানের পণ্যে পরিণত করতে পারেন না।

মন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেছিলেন, দেশে অতিরিক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার প্রবণতা তৈরি হয়েছিল। রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকলেও প্রতিষ্ঠানটি ১৪ লাখ টাকা এমপিও সুবিধা পেত। তখনই আমি চিন্তা করলাম, শিক্ষকদের একটা সার্টিফিকেট থাকতে হবে। যদি সার্টিফিকেট থাকে, তাহলে নতুন কোনো প্রতিষ্ঠান করতে গেলে সার্টিফাইড শিক্ষক লাগবে। সবার সঙ্গে আলোচনা করে, বুঝিয়ে ২০০৫ সালে আমরা এই যাত্রা শুরু করলাম।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology