বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
রাতভর প্রেসক্লাবে অনশনরত নারী শিক্ষকদের অবস্থান
বদলির ফল প্রকাশের দাবিতে দিন পেরিয়ে রাতভর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে, বুধবার (২৫ নভেম্বর) বিকালে বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনরত নারী শিক্ষকরা রাতেও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন। বিষয়টি ক্যাম্পাস টাইমসকে নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষক সেলিনা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বদলির ফল প্রকাশ না হবে, ততক্ষণ আমরা প্রেস ক্লাবেই অবস্থান করব।
এদিকে অনশনরত শিক্ষকদের সাথে কথা বলতে আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আজ সন্ধ্যার পূর্বেই তাদের প্রেস ক্লাবে আসার কথা বলে জানা গেছে। বিকাল ৩টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা ক্যাম্পাস টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে। সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধি দলের প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে।
এর আগে আমরণ অনশনরত নারী শিক্ষকদের মধ্য থেকে ৪ নারী শিক্ষককে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা।
আজ দুপুরে শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সাথে কথা বলে সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সেলিনা নামে এক সহকারী শিক্ষক। তিনি ক্যাম্পাস টাইমসকে বলেন, পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
মাউশি পরিচালকের আহ্বানের জবাবে শিক্ষকরা জানান, বদলি না হওয়ায় তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের ছেড়ে চাকরি করতে হচ্ছে। যেহেতু আবেদন নেওয়া হয়েছে, সেহেতু বদলির ফল প্রকাশের অনুরোধ জানানো হয়।
শিক্ষকরা জানান, যেহেতু আমাদের ধৈর্য ধরতে হবে, সেহেতু এই ধৈর্য জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেই ধরবেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় বদলির আদেশ জারির দাবিতে অনশনে বসেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। তারা বলছেন বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অনশনরত অবস্থাতেই থাকবেন।
ইএইচআর/ সিটি/ ডিসি









