বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে মারা যাচ্ছেন ১ লাখ ২৫ হাজার মানুষ

দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে মারা যাচ্ছেন ১ লাখ ২৫ হাজার মানুষ
আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

জ্বর, প্রস্রাবে সংক্রমণ কিংবা নিউমোনিয়ার চিকিৎসায় একসময় যে অ্যান্টিবায়োটিকে কাজ হতো, এখন অনেক ক্ষেত্রেই তা কার্যকর হচ্ছে না। জীবাণু একের পর এক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসাধীন রোগীদের সংক্রমণে শনাক্ত জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর)। সব ধরনের চিকিৎসাকেন্দ্র মিলিয়ে এ হার ৫৫ শতাংশ।

হাসপাতালের আইসিইউতে সংক্রমিত রোগীদের ক্ষেত্রে প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ব্যাপকভাবে কমে গেছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় কার্যকর ওষুধের বিকল্প ক্রমেই সীমিত হয়ে আসছে। শেষ ভরসা হিসেবে ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নজরদারি প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় প্রতিবেদনের ফল প্রকাশ করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ সংশ্লিষ্টরা।

২০২৫ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত দেশের আট বিভাগ থেকে সংগ্রহ করা ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৮৫ হাজার ৫২০টি নমুনায় জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। শনাক্ত জীবাণুর ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই ৩৩ শতাংশ এবং কে. নিউমোনিয়া ২১ শতাংশ। মোট নমুনার অর্ধেকের বেশি ছিল প্রস্রাবের।

১৪টি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বিশ্লেষণে এক হাজার ১১৮টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের মধ্যে ৭৯৫টিতে, অর্থাৎ ৭১ শতাংশ ক্ষেত্রে জীবাণুর সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। সব ধরনের নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ছিল রেড জোনে। অর্থাৎ এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা উদ্বেগজনকভাবে কম।

রক্তের সংক্রমণে ঝুঁকি বেশি

সংক্রমণের ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর উপস্থিতিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। প্রস্রাবের নমুনায় রেড জোনের হার ৪৬ শতাংশ, মলে ৬৭, রক্তে ৭২, শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণে ৭৩ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। তবে আইসিইউতে এ হার ৯০ শতাংশ এবং আইসিইউ রোগীদের রক্তের নমুনায় ৯৩ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ শনাক্ত হওয়ার আগেই সাধারণত যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেগুলোর অনেকটিই এখন পর্যাপ্ত কার্যকর থাকছে না। সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে পরীক্ষিত কোনো জীবাণুর সংবেদনশীলতা ৬০ শতাংশের বেশি পাওয়া যায়নি। টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফির ক্ষেত্রে এ হার মাত্র ২২ শতাংশ এবং শিগেলার ক্ষেত্রে ৯ শতাংশ।
তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের প্রতি ই. কোলাই ও কে. নিউমোনিয়ার সংবেদনশীলতা ২৬ থেকে ৫৫ শতাংশ। আইসিইউতে এ হার ১০ শতাংশেরও নিচে নেমে এসেছে। অথচ হাসপাতালগুলোতে এসব অ্যান্টিবায়োটিকের ব্যবহার এখনও বেশি।

শেষ ভরসার ওষুধও ঝুঁকিতে

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কলিস্টিন এখনও ৮৮ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রে কার্যকর। এসব জীবাণুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে কার্যকর থাকা অল্প কয়েকটি ওষুধের মধ্যে এটি অন্যতম। শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত এই ওষুধের কার্যকারিতা ধরে রাখা জরুরি।
অ্যাসিনেটোব্যাকটার ১৩টি অ্যান্টিবায়োটিকের মধ্যে ১২টির বিরুদ্ধেই প্রতিরোধী অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে, রক্ত, প্রস্রাব, শ্বাসতন্ত্রের নিম্নাংশ কিংবা ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে পি. অ্যারুজিনোসার বিরুদ্ধে কোনো গ্রিন জোনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়নি।

ব্যবহারে অসংগতি, বাড়ছে প্রতিরোধ ক্ষমতা

জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়লেও অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রচলিত চর্চায় প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। প্রতিবেদনে ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিবায়োটিক ব্যবহারের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, ৭৫ শতাংশ ব্যবস্থাপত্রে ছিল ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক। বিপরীতে তুলনামূলক সংক্রমণের প্রথম সারিতে ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাকসেস গ্রুপের ওষুধের ব্যবহার ছিল মাত্র ১৬ শতাংশ।
হাসপাতালের আইসিইউতে মেরোপেনেমের ব্যবহার ছিল ৩১ শতাংশ এবং সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোনের ব্যবহার ৩৯ শতাংশ। অথচ এসব ওষুধের কার্যকারিতা অনেক জীবাণুর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বছরে ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু

অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ভয়াবহতার কথা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যান। এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology