শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী
পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বখাটে যুবকের বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছিনা খানকা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষার্থী গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ওই স্কুলছাত্রীর অভিযোগ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মো. সেলিম খানের ছেলে ইছা তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি মাথায় আঘাত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
স্কুলছাত্রী ও তার পরিবারের দাবি, অভিযুক্ত ইছা এর আগেও একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে তার বাবা-মা একাধিকবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে অভিযোগ জানান। তখন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত স্কুলছাত্রীকে মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ পরিবারের। বর্তমানে স্কুলছাত্রী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসক ডা. তুষার আহমেদের তত্বাবধানে রয়েছে।
স্কুলছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয় ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর কোনো মেয়ে যেন এভাবে রাস্তাঘাটে বখাটেদের হাতে মারধরের শিকার না হয়।’
অভিযুক্ত ইছা ঘটনার পর থেকে পলাতক। তার বাড়িতে গিয়ে খোঁজ পাওয়া যায়নি। তার বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচআর/ সিটি/ ডিসি









