শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কারাফটকে সন্তানের মরদেহ দেখে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী শারমিন
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করতে চাইলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে ফ্রিজিং ভ্যানে সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে গেলে সেখানেই শেষবারের মতো ছেলেকে দেখেন শারমিন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ নিয়ে ফ্রিজিং ভ্যানটি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরিবারের সদস্যরা মরদেহ ভেতরে নিয়ে শারমিনকে দেখান। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কারাগার থেকে বের হন।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তাদের এক ছেলে ও এক মেয়ে। জন্ম থেকেই প্রতিবন্ধী তূর্যের খাওয়াদাওয়াসহ সব কাজ মা শারমিন করতেন। মায়ের গ্রেপ্তারের পর ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ না খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে।
তিনি অভিযোগ করেন, আটকের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না। তাকে ষড়যন্ত্র করে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। এ কারণে বাধ্য হয়ে সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে এসেছেন স্ত্রীকে দেখানোর জন্য।
কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র ৫ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিয়ম অনুযায়ী তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
ইএইচআর/ সিটি/ ডিসি









