শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তির জট খুলল, কাটছে অপেক্ষা

বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তির জট খুলল, কাটছে অপেক্ষা
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তা ও অভিভাবকদের ধারাবাহিক দাবির পর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক চিঠিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাউশির এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আনন্দ প্রকাশের পাশাপাশি ভর্তি কার্যক্রম পুনরায় চালুর দাবিতে সহযোগিতাকারী জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অভিভাবকদের দাবি, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সহকারী সিনিয়র কমিশনার (রাজস্ব), জেলা শিক্ষা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় এ অগ্রগতি সম্ভব হয়েছে।

প্রতিষ্ঠানটিতে আগে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু ছিল। অভিভাবকদের দেওয়া স্মারকলিপি অনুযায়ী, ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ষষ্ঠ শ্রেণির পরিবর্তে তৃতীয় শ্রেণি থেকে সম্প্রসারণ করা হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে তৃতীয় শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অভিভাবকদের অভিযোগ, সরকারের কোনো সুস্পষ্ট লিখিত নির্দেশনা ছাড়াই তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করেন। এরপর ভর্তি পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেন অভিভাবকদের একটি অংশ। গত ৩ নভেম্বর বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে তৃতীয় শ্রেণিতে ভর্তি চালুর পাশাপাশি ভর্তি কার্যক্রম বন্ধের প্রশাসনিক ও আইনগত ভিত্তি অনুসন্ধান, সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত এবং প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। অভিভাবকদের আবেদনের পর বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

মাউশির ২৬ নভেম্বর ২০২৬ তারিখের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৬.৯৯.০০৩.২৪.২১১৪-এ বলা হয়েছে, তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশসহ প্রতিবেদন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ২৪ নভেম্বর অধিদপ্তরে জমা দেন।

চিঠিতে শিক্ষার্থীদের দাবি, জনপ্রতিনিধিদের মতামত এবং অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে পূর্বের মতো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শাখা চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মাউশির নির্দেশনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেন অভিভাবকেরা। অভিভাবক জিনাত আরা নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তকে সম্মিলিত প্রচেষ্টার সাফল্য হিসেবে উল্লেখ করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ! এ বিজয় আমাদের, এ বিজয় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ানদের।’

তিনি জানান, প্রায় তিন মাসের প্রচেষ্টা, দৌড়ঝাঁপ ও ধারাবাহিক যোগাযোগের পর তারা এ সিদ্ধান্ত পেয়েছেন। এ ক্ষেত্রে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। অন্য অভিভাবক বেলায়েত হোসেনও ভর্তি কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে তৃতীয় শ্রেণিতে ভর্তি চালুর সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও অভিভাবকদের প্রত্যাশা কেবল ভর্তি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁরা চান, প্রতিষ্ঠানটিতে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে পরিচালিত হোক।

জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে অভিভাবকেরা উল্লেখ করেন, গত বছর প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পেয়েছে। এমন ফলাফলের পরও প্রাথমিক শাখায় ভর্তি বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

স্মারকলিপিতে শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অধ্যক্ষের সঙ্গে অসহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগ তুলে শিক্ষার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকদের একটি অংশ। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত সংকট নিরসন এবং প্রয়োজনে পৃথক ভবন নির্মাণের দাবিও জানানো হয়।

এদিকে মাউশির সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন আন্দোলনে যুক্ত কয়েকজন অভিভাবক। তাদের দাবি, ২৬ নভেম্বর প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহ ঢাকায় গিয়ে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রক্রিয়াধীন আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছেন।

অভিভাবকদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ের সাত সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটির প্রতিবেদন, জেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশ এবং জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ভর্তি চালুর প্রশাসনিক প্রক্রিয়া এগিয়েছে। এ অবস্থায় সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

মাউশির নির্দেশনার পর এখন তৃতীয় শ্রেণির ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষকসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

অভিভাবকদের দীর্ঘদিনের দাবির পর ভর্তি পুনরায় চালুর নির্দেশনা এলেও এখন সেটির কার্যকর বাস্তবায়নই গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিশুদের জন্য আবারও খুলবে বরিশালের এ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির দরজা।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology