শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শর্ত না মেনেই সাড়ে ৬শ' বেসরকারি বিদ্যালয়কে পাঠদানের অনুমতি দেওয়ার অভিযোগ
গাজীপুরে ভবনের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ব্যবহার উপযোগিতার মতো গুরুত্বপূর্ণ শর্ত উপেক্ষা করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাঠদানের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনুমতি পাওয়া অনেক বিদ্যালয়ই পরিচালিত হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক ভবনে। কোনো কোনোটির অবস্থান ব্যস্ততম মহাসড়কসংলগ্ন মার্কেটে। কোথাও বিদ্যালয়ের জন্য নেই পৃথক সিঁড়ি কিংবা পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। এমনকি একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অন্য ভবনের অনুমোদিত নকশা ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
প্রয়োজনীয় নথিপত্র ও নিরাপত্তা ছাড়পত্র যাচাই ছাড়াই তড়িঘড়ি করে এসব অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, যেকোনো দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাজীপুরে মোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৯০৮টি। এর মধ্যে সম্প্রতি প্রায় ৬৫০টি প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফায়ার লাইসেন্স, অকুপেন্সি সার্টিফিকেট (ভবনের ব্যবহার উপযোগিতার সনদ) এবং স্যানিটারি সনদের মতো বাধ্যতামূলক নথি যাচাই করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর টঙ্গী এলাকার একাধিক বিদ্যালয় ঘুরে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
টঙ্গীর স্টেশন রোড থেকে কিছুটা পূর্ব দিকে ঢাকা-ঘোড়াশাল-সিলেট মহাসড়কের পাশে টিঅ্যান্ডটি বাজার। বাজারের ভেতরে ব্যস্ততম হাজী মার্কেটের নিচতলায় রয়েছে বিভিন্ন বিপণিবিতান। তিনতলাবিশিষ্ট পুরোনো জরাজীর্ণ এই মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত হচ্ছে ‘জিনিয়াস মডেল একাডেমি’ নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থিত এই প্রতিষ্ঠানটিকেও পাঠদানের অনুমতি দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে ওঠানামার জন্য মার্কেটের বাইরের দিকে মাত্র একটি সংকীর্ণ সিঁড়ি রয়েছে। শিক্ষার্থীদের জন্য পৃথক কোনো প্রশস্ত সিঁড়ি কিংবা পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিচতলার একটি কাপড়ের দোকানের মালিক আলমাস মিয়া বলেন, এ স্কুলে শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো সিঁড়ি নেই। মার্কেটের বাইরের দিক দিয়ে সংকীর্ণ একটি সিঁড়ি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের ওঠানামা করতে হয়। ছুটির পর একসঙ্গে সব বাচ্চা হুড়মুড় করে নেমে আসে। অগ্নিনির্বাপণেরও ভালো কোনো ব্যবস্থা নেই। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
একই এলাকার ঢাকা-ঘোড়াশাল-সিলেট মহাসড়কের পাশে বাদল সুপার মার্কেটে অবস্থিত ‘জাহান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল’-এর চিত্রও একই রকম উদ্বেগজনক। দুই পাশে আসবাবপত্রসহ বিভিন্ন দোকান এবং সামনে ব্যস্ত মহাসড়ক রেখে দোতলা এই মার্কেটের ভেতরে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে থাকছে কোমলমতি শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির একজন অভিভাবক আমিনুর রহমান বলেন, ব্যস্ততম মহাসড়কের পাশে স্কুল পরিচালনা করাই ঠিক নয়। আমি নিজে বাচ্চাকে নিয়ে আসি এবং ছুটির পর নিয়ে যাই। এ মহাসড়কে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। স্কুলটি ভালো কোনো নিরাপদ জায়গায় স্থানান্তর করা উচিত।
টঙ্গীর দত্তপাড়ার ৬৩ নম্বর সাঈদ মৃধা রোডে একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় পরিচালিত হচ্ছে ধূমকেতু পাবলিক স্কুল। বিদ্যালয়টির ভেতরে আগুন নিয়ন্ত্রণের জন্য কয়েকটি বালতি দেখা গেলেও ভবনের ওপরের তলাগুলো আবাসিক। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহা. আব্দুল মতিন জানান, তিনি নিজেই তৃতীয় তলায় বসবাস করেন এবং ভবনের অন্য তলাগুলোতে প্রতিষ্ঠানের শিক্ষকেরা থাকেন।
অন্যদিকে, টঙ্গীর বনমালা রোডের দত্তপাড়া ক্যাম্পাসে ভাড়া বাড়িতে পরিচালিত নিউ ব্লোন স্কুলের ভবন অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ফজলে রাজেক জানান, পাঠদানের অনুমতি পাওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাদের পরামর্শে তিনি বর্তমান স্কুল ভবনের পরিবর্তে ভবনমালিকের অন্য একটি স্থাপনার নকশা জমা দিয়েছেন।
এ ছাড়া বনমালা এলাকার মূল সড়কসংলগ্ন ভাড়া ভবনে পরিচালিত হাজী ফজর আলী আদর্শ বিদ্যানিকেতনেও নিরাপত্তাঝুঁকি রয়েছে। তবে বিদ্যালয়টির ভেতরে কিছু অগ্নিনির্বাপণ সরঞ্জাম দেখা গেছে। শুধু এসব প্রতিষ্ঠানই নয়, গাজীপুরে সম্প্রতি পাঠদানের অনুমতিপ্রাপ্ত অনেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আবাসিক, বাণিজ্যিক কিংবা মিশ্র ব্যবহারের জন্য নির্মিত ভবনে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভবনের ব্যবহার উপযোগিতা-সংক্রান্ত অনুমোদন ছাড়াই।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তসলিম হোসেন বলেন, যদি কোনো শর্ত পূরণ না হয়ে থাকে, তাহলে অনুমোদন বাদ দিয়ে দেব। এটা সাময়িক অনুমোদন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন নীতিমালা অনুসরণ করে অনুমতি দিতে। আমাদের নীতিমালায় ভবনের উপযোগিতার কোনো কথা বলা হয়নি।
শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ও শিক্ষাদানের স্বার্থে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে গত ১১ অক্টোবর অনুমতিপ্রাপ্ত বিদ্যালয়গুলোর কাছে অকুপেন্সি সার্টিফিকেট, ফায়ার সেফটি ও স্যানিটেশন-সংক্রান্ত ছাড়পত্র চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নীতিমালায় এসব নেই, এগুলো কার্যকরী হবে না। আমি আর কোনো কথা বলতে চাই না।
অন্যদিকে, গত ৮ অক্টোবর মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বিদ্যালয়ের ভবন ও প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ভবনের অনুমোদিত ব্যবহার পরিবর্তন করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে গাউক সূত্র জানায়, নির্মাণের অনুমোদন দেওয়ার সময় ব্যবহারের ধরন অনুযায়ী ভবনের ক্যাটাগরি নির্ধারণ করা হয়। যে উদ্দেশ্যে অনুমোদন নেওয়া হয়, ভবনটি সে উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। আবাসিক বা বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার কোনো বৈধতা নেই।
গাউক সূত্রের ভাষ্য অনুযায়ী, আবাসিক ভবনের ক্ষেত্রে লোড ক্যাপাসিটি প্রতি বর্গফুটে ৪০ পিএসএফ এবং স্কুল ভবনের ক্ষেত্রে ১০০ পিএসএফ ধরা হয়। এ কারণে এক ক্যাটাগরির ভবন অন্য ক্যাটাগরিতে ব্যবহার করা নিরাপদ নয়। অনুমোদিত ব্যবহার পরিবর্তন করে ভবন পরিচালনা করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গাউক আরও জানায়, ভবনের অনুমোদনের সময়ই অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার বিধান রয়েছে।
ইএইচআর/ বিএন/ ডিসি









